স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ এপ্রিল: এক দুই তিন নয়, গুনে গুনে পাঁচ গোল। প্রিমিয়ার লিগের (Premier League) লণ্ডন ডার্বিতে (London Derby) এভাবেই চেলসির (Chelsea) উপর ধ্বংসলীলা চালাল আর্সেনাল (Arsenal)। খেলার ফল মিকেল আর্তেতার দলের পক্ষে ৫-০। গানারদের হয়ে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট।

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন লিও ট্রসার্ড। প্রথমার্ধে গোলের অসংখ্য সুযোগ তৈরি হলেও আর গোল করতে পারেনি কোনও দল। তবে দ্বিতীয়ার্ধে চেলসির উপর চাপ তৈরি করতে থাকেন মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা, কাই হ্যাভার্টজরা। ৫২ মিনিটে দলের হয়ে ব্যবধান ২-০ করেন বেন হোয়াইট। ৫৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় আর্সেনাল। গোল করেন চেলসির প্রাক্তন ফুটবলার কাই হ্যাভার্টজ। ৬৫ মিনিটে আবারও নিজের পুরনো ক্লাবের জালে বল জড়ান জার্মান ফুটবলারটি। আর ৭০ মিনিটে চেলসির কফিনে শেষ পেরকটি পুঁতে দেন বেন হোয়াইট। পেশাদারী ফুটবল জীবনে প্রথম এক ম্যাচে জোড়া গোলের স্বাদ পেলেন তিনি। প্রিমিয়ার লিগের চলতি মরশুমে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি গোল করল মিকেল আর্তেতার ছেলেরা। গোল না পেলেও দুরন্ত ফুটবল খেলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তনী মার্টিন ওডেগার্ড। তৃতীয় ও পঞ্চম গোলের ক্ষেত্রে অনবদ্য দুটি অ্যাসিস্ট করেন তিনি।
Arsenal put in a five-star display to go three points clear at the top of the Premier League table! ????#ARSCHE pic.twitter.com/mXG3SW2gCI
— Premier League (@premierleague) April 23, 2024
বিশাল ব্যবধানে এই জয়ের ৭৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল । দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে তারা এগিয় গেল ৩ পয়েন্টের ব্যবধানে। যদিও আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলেছে য়ুর্গেন ক্লপের ছেলেরা। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। তারা আর্সেনালের থেকে দুটি ও লিভারপুলের থেকে একটি কম ম্যাচ খেলেছ। পরবর্তী দুটি ম্যাচে জিতলে ফের লিগ শীর্ষে চলে যাবে গুয়ার্দিওলা ব্রিগেড।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে