Home » Harbhajan Singh: হার্দিক বা গিল নন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পরবর্তী নেতা বেছে নিলেন হরভজন সিং

Harbhajan Singh: হার্দিক বা গিল নন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পরবর্তী নেতা বেছে নিলেন হরভজন সিং

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ এপ্রিল: আইপিএল শেষ হলে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ভারতীয় দলে কারা সুযোগ পাবেন জানা যাবে আগামী কিছুদিনের মধ্যে। সেই নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর জল্পনা। এর মধ্যে দুই ক্রিকেটারের হয়ে জোর সওয়াল করলেন দেশের প্রাক্তন স্পিনার ও ধারাভাষ্যকার হরভজন সিং (Harbhajan Singh)। এমনকি একধাপ এগিয়ে এদের মধ্যে একজনকে আগামীদিনে দলের অধিনায়ক করা উচিৎ বলেও দাবি করছেন ভাজ্জি।

চলতি আইপিএল থেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন একাধিক ক্রিকেটার। এই মরশুমে দুরন্ত ফর্মে থাকা দেশীয় ক্রিকেটারের সংখ্যাটা নেহাত কম নয়। হায়দরাবাদের অভিষেক শর্মা, মুম্বইয়ের তিলক ভর্মা, চেন্নাইয়ের শুভম দুবেরা ইতিমধ্যেই নজর কেড়েছেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস ম্যাচের পর দুই ক্রিকেটারের হয়ে জোরালো সওয়াল করেছেন হরভজন সিং। দুই ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। শুধু তাই নয় সঞ্জুর মধ্যে ভারতীয় টি-২০ দলের আগামীর অধিনায়ককেও খুঁজে পেয়েছেন মি.টারবানেটর। ম্যাচের শেষে নিজের সমাজ মাধ্যমে ভাজ্জি লিখেছেন, “ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু ক্লাস হল স্থায়ী। যশস্বীর ইনিংসে সেটা আবার প্রমাণ হল। এবং উইকেট রক্ষক ব্যাটার নিয়ে কোনও বিতর্ক থাকতে পারেনা। ভারতের বিশ্বকাপের দলে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়া উচিৎ। এবং রোহিত শর্মার পর সঞ্জুকে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে প্রস্তুত করা উচিৎ।”  

 

আরও পড়ুন: Serie A : মিলান ডার্বি জিতে, পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি-এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

আরও পড়ুন: Mohun Bagan: বিপক্ষকে সমীহ করলেও, ৯০ মিনিটেই কলিঙ্গ জয় করতে চান হাবাস

যেই ম্যাচের পর তিনি এই মন্তব্য করেছেন, সেই ম্যাচে দুজনেই দুরন্ত খেলেছেন। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতার দ্বিতীয় শতরানটি করেছেন যশস্বী। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে যশস্বীর থাকা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি সঞ্জু স্যামসনের অধিনায়কত্ব নজরে পড়েছে। কঠিন সময়ে যেভাবে মাথা ঠাণ্ডা রেখে দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। তার নেতৃত্বে রাজস্থান রয়্যালস এই মরশুমের আইপিএলের অশ্বমেধের ঘোড়া। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে রয়েছে লিগ শীর্ষে। প্লে-অফের পথে অনেকটাই নিজেদের এগিয়ে রেখেছে রাজস্থান। আলাদা করে সেই কৃতিত্বের দাবি রাখেন দলের অধিনায়ক। ব্যাট হাতেও রানের মধ্যে রয়েছেন কেরালাজাত এই ক্রিকেটার। কমলা টুপির লড়াইয়েও রয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে যশস্বীর সঙ্গে ভাল ব্যাটিং করেছেন। যা নজরে পড়েছে ভারতের প্রাক্তন স্পিনারের।

About Post Author