সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ পঞ্চম দফার ভোটকে ঘিরে সকাল থেকেই বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, এবং আরামবাগ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কোথাও বুথ জ্যাম করে ছাপ্পা, কোথাও ভোট কেন্দ্রের সামনেই মারধরের অভিযোগ উঠেছে। কয়েকটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। এবার বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথের ঘটনা। এই ঘটনার পরই বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছেন।
বিশ্বজিৎ বলেন, ‘ প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে. সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।‘ অন্যদিকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, ‘ রাজ্য পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। সেকারণেই তৃণমূল প্রার্থী এই সব মিথ্যে অভিযোগ আনছেন।’
প্রসঙ্গত, দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্র- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোটগ্রহণ চলছে। এছাড়াও বিহারের ৫কেন্দ্র, ঝাড়খণ্ডের ৩ কেন্দ্র, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার ৫টি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে। পঞ্চম দফায় রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। এই দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুরদের।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?