সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রয়াণে দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করার কথা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার দেশজুড়ে পালিত হবে রাষ্ট্রীয় শোক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানের প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী-সহ অন্যান্য সরকারি আধিকারিকদের প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশজুড়ে (India) জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার। সরকারিভাবে কোনও অনুষ্ঠানও আয়োজন করা হবে না এদিন।
প্রসঙ্গত, রবিবার ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ইরানে। মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় রাইসির কপ্টার। এরপর সোমবার সকালে ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপে কোনও প্রাণের চিহ্ন নেই বলেই খবর পাওয়া গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান-সহ ৯ জনের। সোমবার রাইসির মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠিন সময়ে ইরানের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার।

হঠাৎই হারিয়ে যায় কপ্টারটি। হেলিকপ্টারের খোঁজে রবিবার রাতভর তল্লাশি অভিযান চলে। প্রবল ঝড়বৃষ্টি, তুষারপাত এবং তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সকালে উদ্ধারকাজ জারি রাখা হয়। তুর্কির একটি নাইট ভিশন ড্রোনের মাধ্যমে উদ্ধারকাজে সাহায্য করা হয়। এরপর এদিন সকালে জোলফার পার্বত্য অঞ্চলে কপ্টারটির খোঁজ মেলে। দুর্ঘটনাস্থলে কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেখানে প্রাণের কোনও চিহ্ন মেলেনি।এরপরই ঘোষণা করা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী সহ যে ৯ জন হেলিকপ্টারে ছিলেন, সকলেরই মৃত্যু হয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কপ্টারটি।
#EbrahimRaisi
#ইরানেরপ্রেসিডেন্টইব্রাহিমরাইসি


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!