Home » IPL 2024: দুই আইয়ারের যুগলবন্দী, হায়দ্রাবাদকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

IPL 2024: দুই আইয়ারের যুগলবন্দী, হায়দ্রাবাদকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মেঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই মরশুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল কলকাতা। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও সেই ধারা বজায় রাখল শ্রেয়াস আইয়ারের দল। এদিন হায়দ্রাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখল কলকাতা নাইট রাইডার্স।

পুরো আসর জুড়েই বিপক্ষ বোলিং লাইনের ওপর রীতিমতো রোলার চালিয়েছেন সানরাইজার্স  হায়দ্রাবাদের ওপেনাররা। তবে এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যর্থ হন হেড ও অভিষেক জুটি। মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার বোলিং তোপে পড়ে হায়দ্রাবাদ। মিচেল স্টার্কের তোপের সামনে শুরুতেই টপ অর্ডারে ধ্বস নামে। এরপর রাহুল ত্রিপাটির ৫০ ও হেনরিখ ক্লাসেন-কামিন্সের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৯ রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠী। তিনি ৩৫ বল খেলে করেন ৫৫ রান।

আরও পড়ুনঃ England National Football Team: তারুণ্যে ভর করে ইউরো অভিযানে সাউথগেটের ইংল্যান্ড

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

জবাবে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ারের ঝোড়ো অর্ধশত রানে ৮ উইকেটের বিশাল ব্যবধানে সহজ জয় তুলে নেয় কলকাতা। শ্রেয়াস আইয়ার এদিন ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৫৮ রান করেন। পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারও সমান সংখ্যক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে করেন ২৮ বলে ৫১ রান। তবে এদিন কলকাতার জয়ে বড় ভূমিকা নিয়েছেন অজি বোলার মিচেল স্টার্ক। হায়দ্রাবাদ ইনিংসের দ্বিতীয় বলেই বিধ্বংসী ওপেনার ট্রেভিস হেডকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে বল করতে এসে পর পর দু’বলে দুই উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপের মেরুদন্ড ভাঙেন স্টার্ক। ক্রিকেট মহলের ধারণা এতদিনে নিজের নামের প্রতি সুবিচার করেছেন স্টার্ক। এদিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নিয়েছেন এই অজি বোলার । পাশাপাশি ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। এছাড়াও বরুণ চক্রবর্তীও এদিন বেশ নজর কেড়েছেন,তাঁর সংগ্রহ ২ উইকেট। তবে এই ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটি সুযোগ পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

About Post Author