Home » শনিবার রাতেই তৈরি হবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

শনিবার রাতেই তৈরি হবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

সময় কলকাতা ডেস্ক, ২৫ মেঃ ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। সাইক্লোন রেমাল মোকাবিলায় তৎপর প্রশাসন। এই সাইক্লোনের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা-

আরও পড়ুন Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার ন’মাস পর অভিযুক্ত ৩৮ জনের মিলল শাস্তি

১. ২২৮৯০ পুরী-দিঘা সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ২৫ মে শনিবার পুরি থেকে ছাড়বে এবং খড়গপুর পর্যন্ত যাবে।
২. ২৬ মে রবিবার বাতিল থাকছে ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ।
৩. ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি ২৬ মে বাতিল করা হয়েছে।
৪.০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ২৬ তারিখ বাতিল করা হয়েছে।
৫. ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল ২৭ তারিখ বাতিল
৬.০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি ২৭ মে সোমবার বাতিল করা হয়েছে।
৭.২২৮৯৮ দিঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ তারিখ বাতিল করে দেওয়া হয়েছে।
৮. ২২৮৮৯ দিঘা পুরী সুপার ফাস্ট সাপ্তাহিক ট্রেনটি রবিবার দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়তে চলেছে।

ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার প্রবল গতি নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন রিমেলের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। পরিস্থিতি সামাল দিতে তৎপর নবান্ন। শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। যদিও উপকূলবর্তী এলাকায় এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই দিঘায় রিমেলের প্রভাবে চলছে প্রবল জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণেরও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সাইক্লোনের অবস্থানের উপর ক্রমাগত নজরদারি করছে আবহাওয়া দফতর। ৯৪৩২৬১০৪২৮ এবং ৯৪৩২৬১০৪২৯ এই দুটি নম্বরে ফোন করে লালবাজারের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং সাহায্য চাওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, রিমেলের প্রভাবে শনিবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে। রবিবার মাঝ রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সেই সময় এই সাইক্লোনটির গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার।হাওয়া বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থার করছে। ক্যানিং থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে সরবে বলেই খবর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর বৃষ্টি হবে। সেইসঙ্গে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, কলকাতায়। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৭ তারিখ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

#weatherreport

#Latestbengalinews

About Post Author