স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মেঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছুটছে ভারতের বিজয়রথ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি ম্যাচে জিতে সুপার আটের টিকিট নিশ্চিত করেন রোহিতরা। সুপার আট পর্বও জয় দিয়ে শুরু করলেন তাঁরা। বৃহস্পতিবার বার্বাডোজে আফগানিস্তানকে হারিয়ে দিল মেন-ইন-ব্লু ব্রিগেড। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৮ উইকেটে ১৮১ রান তোলে তারা। জবাবে ২০ ওভারে ১৩৪ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

বার্বাডোজের মন্থর ২২ গজে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি। এই ম্যাচেও রান পেলেন না রোহিত। ফজলহক ফারুকির বলে ফিরলেন মাত্র ৮ রান করে। দ্বিতীয় উইকেটের জুটিতে দলকে খেলায় ফেরানোর করেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। কিন্তু তারা বড় রান করার আগেই ভারতীয় শিবিরকে জোড়া ধাক্কা দেন রশিদ খান। পরপর দুই ওভারে প্রথমে কোহলি ও পরে ঋষভকে তিনি ডাগআউটে ফেরান। গ্রুপ পর্বে তিনি ম্যাচে ৫ রান করা কোহলি ২৪ বলে ২৪ রান করেন। পন্থের খেললেন ১১ বলে ২০ রানের ইনিংস। দলকে ভরসা দিতে পারলেন না শিবম দুবেও। তাঁকেও আউট করেন রশিদ। একটা সময় ৯০ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলে হাল ধরেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি খেলেন দুজনে। ২৮ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সূর্য। তাঁর ব্যাট থেকে আসে ৫টি চার এবং ৩টি ছয়। হার্দিক করলেন ২৪ বলে ৩২। মারলেন ৩টি চার এবং ২টি ছক্কা। শেষ দিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের সৌজন্যে ১৮০ রানের গণ্ডি পেরোয় ভারত। আফগানিস্তানের সফলতম বোলার রশিদ খান। ২৬ রানে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন তিনি। ফারুকিও ৩ উইকেট নিলেন। তবে ৩৩ রান খরচ করে।
আরও পড়ুনঃ Copa America : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা সফর শুরু গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হন তিনি। তাঁকে ফেরান জসপ্রীত বুমরা। গুরবাজ ফিরতে পর পর উইকেট হারায় আফগানরা। এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য ভারত অধিনায়কের। তিনি যেই বোলারকে আক্রমণে আনলেন তাঁরাই আফগানিস্তানকে বেকায়দায় ফেললেন। চতুর্থ উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন গুলবাদিন নইব এবং আজমতুল্লাহ ওমরজাই। তাদের সৌজন্যে ১০ ওভারে ৩ উইকেটে ৬৬ রান তোলে আফগানিস্তান। কিন্তু ওভার প্রতি লক্ষ্য বেড়ে যাওয়ায় চাপ বাড়তে থাকে আফগান ব্যাটিং অর্ডারে। একাদশ ও দ্বাদশ ওভারে ২২ গজে দুই জমে যাওয়া ব্যাটারকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। ১৭ রান করে ফেরেন নইব। ওমরজাই ফেরেন ২৬ রানে। ষষ্ঠ উইকেটে কিছুটা লড়াই করলেন নাজিবুল্লাহ জাদরান ও মহম্মদ নবি। জাদরানের ব্যাট থেকে এল ১৭ বলে ১৯ রান। তাঁকেও সাজঘরে ফেরালেন বুমরা। মহম্মদ নবি ১৪ বলে ১৪ রান করে আউট হলেন কুলদীপের বলে। তারপর আর কোনও আফগান ব্যাটার দাঁড়াতেই পারলেন না। ১২১ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর আফগানদের জয়ের আর কোনও আশা ছিল না। তেমন কিছু হয়ওনি। ভারতের হয়ে বল হাতে আবার সফল বুমরা। মাত্র ৭ রান দিয়ে নিলেন ৩ উইকেট। অর্শদীপ ৩ উইকেট নিলেও অনেক রান দিলেন। এই ম্যাচে সুযোগ পেয়ে ৩২ রানে ২ উইকেট নিলেন কুলদীপ। ৩২ রানে ২ উইকেট কুলদীপের। একটি করে উইকেট নিলেন হার্দিক ও অক্ষর। আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে মাঠ ছাড়লেন রোহিতরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান