Home » Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুলাইঃ কলকাতা লিগে পয়েন্ট হারাল মহামেডান স্পোর্টিং। উয়াড়িকে ৬ গোল দিয়ে লিগ অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে সেই দলের ছন্দপতন। খিদিরপুরের বিরুদ্ধে আটকে গেল সাদা-কালো ব্রিগেড। ৯০ মিনিটে গোলের দেখা পেল না দুই দল। ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে।

এ গ্রুপের ম্যাচে মহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাবের। নিজেদের প্রথম ম্যাচে মহামেডানের মত জয় পেয়েছিল খিদিরপুরও। তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মেসারার্স ক্লাবকে। সোমবার  ঘরের মাঠে দুই দলের খেলা দেখতে হাজির হয়েছিলেন অনেক মহামেডান সমর্থক। কিন্তু তাদের ফিরতে হল নিরাশ হয়েই। খেলায় প্রাধান্য সাদাকালো ব্রিগেডের বেশি ছিল। তবে গোলের সুযোগ পেয়েছিল দুটি দলই। ঘরের মাঠে বিপক্ষের গোল লক্ষ্য করে মোট নয়টি শট মেরেছিলেন তন্ময়রা। কিন্তু গোলের দেখা পাননি। উয়াড়ির বিরুদ্ধে ডেভিডের অভাব টের পাওয়া না গেলেও এই ম্যাচে পাওয়া গেল। উল্টোদিকে খিদিরপুরও বেশ কয়েকটি গোলমুখী শট নিয়েছিল। তবে সাদা কালো গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য সতর্ক থাকায় বিপদ বাড়েনি।

আরও পড়ুনঃ Mohun Bagan : তারুণ্যকে প্রাধান্য দিয়ে কলকাতা লিগের দল ঘোষণা মোহনবাগানের, কারা সুযোগ পেলেন দলে?

আরও পড়ুনঃ Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান

কলকাতা লিগের অন্য ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে জয় পেয়েছে ইউনাইটেড স্পোর্টস। খেলার ফল ইউনাইটেডের পক্ষে ২-১। গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ছয় গোল হজম করা উয়াড়ি রুখে দিয়েছে কালীঘাট মিলন সংঘকে। খেলার ফল ১-১। পাঠচক্র ও বিএসএস স্পোর্টিংয়ের খেলার ফলও ১-১।  প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে হেরে যাওয়া মেসারার্স ফের হারের মুখ দেখেছে। আর্মি রেডের বিরুদ্ধে তারা হেরেছে ১-২ গোলে। সাদার্ন সমিতি গোলশূন্য ড্র করেছে সুরুচি সংঘের বিরুদ্ধে। মঙ্গলবার ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করছে মোহনবাগান।  

About Post Author