Home » UEFA Euro Cup 2024 : কোয়ার্টার ফাইনালে বদলা চায় জার্মানি , পাল্টা দিতে প্রস্তুত স্পেনের যুবশক্তি

UEFA Euro Cup 2024 : কোয়ার্টার ফাইনালে বদলা চায় জার্মানি , পাল্টা দিতে প্রস্তুত স্পেনের যুবশক্তি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুলাইঃ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই। শুক্রবার ভারতীয় সময় রাত সাডে় ন’টায় স্টুটগার্ডে মুখোমুখি হতে চলেছে স্পেন ও জার্মানি । অনেকে এই ম্যাচকে ‘ফাইনালের আগে ফাইনাল’ বলেও মনে করছেন।

এ ও বি গ্রুপের শীর্ষ দল হিসাবে প্রতিযোগিতার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল জার্মানি ও স্পেন। সুপার সিক্সটিনে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে আয়োজকরা। অন্যদিকে জর্জিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশরা। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় হারের অভিজ্ঞতা হয়নি দে লা ফুয়েন্তের ছেলেদের। এবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইউরোপের এই দুই ফুটবল শক্তি একে অন্যের বিপরীতে নামতে চলেছে। ফলে দুই দলের দ্বৈরথ দেখার জন্য প্রস্তুত গোটা ফুটবল দুনিয়া।

আরও পড়ুনঃ Copa America : মেসির পা নয়, ডিবুর হাত ধরে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

এই দুই দলকে এবারে কাপ জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন অনেকে। কিন্তু একটি দলকে এই পর্বেই ইউরো সফরে ইতি টানতে হবে। কয়েকদিন আগে স্পেনের দলকে স্কুলের দল বলে চরম কটাক্ষ করেছিলেন জার্মানির প্রাক্তন গোলরক্ষক জেন্স লেম্যান। তিনি বলেছিলেন, স্পেনের ফুটবলারেরা ‘তরুণ ও অনভিজ্ঞ’। যদিও লেম্যানের বক্তব্যের সঙ্গে সহমত নন বর্তমান জার্মানি দলের অনেক ফুটবলার। লেম্যানের কথার বাস্তব যুক্তি থাকলেও এখনও পর্যন্ত প্রতিযোগিতার নিরিখে স্পেনকে যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে। দলের দুই তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস ও ল্যামিন ইয়ামাল ইতিমধ্যে নজর কেড়েছেন। দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার রড্রি ও ফ্যাবিয়ান রুইজও দারুণ ফর্মে রয়েছেন। গত দুই দশকে যে টিকিটাকা ফুটবলকে স্পেন আত্মস্থ করেছে। এই ইউরোতেও তার ব্যাতিক্রম ঘটেনি। কিন্তু অতিরিক্ত পাসিংয়ের চক্করে মাঝেমধ্যে যে ঘুমপাড়ানি ফুটবল স্পেন খেলছিল, তা থেকে অনেকটা বেরিয়ে এসেছে। প্রতিযোগিতায় চার ম্যাচে এখনও পর্যন্ত নয় গোল করেছে স্পেন। হজম করেছে মাত্র একটি। রক্ষণে কার্ভায়াল, লাপোর্তার মত অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি দলকে সমৃদ্ধ করেছে।

অন্যদিকে জার্মান শিবির ফুটছে প্রতিশোধের জন্য। কারণ কোনও বড় প্রতিযোগিতায় জার্মানি স্পেনকে শেষবারের জন্য হারিয়েছিল ১৯৮৮ ইউরো কাপে। তারপর যতবার এই দুই দল মুখোমুখি হয়েছে প্রত্যেকবার ধাক্কা খেতে হয়েছে জার্মানদের। তার মধ্যে ২০০৮ সালে ভিয়েনাতে ইউরো ফাইনালে স্পেনের বিরুদ্ধে হারতে হয়েছিল। ২০২০ সালে ৬-০ গোলে স্প্যানিশ আর্মাডায় চুরমার হয়েছিল জার্মান দম্ভ। এবার ঘরের মাঠে সেই সব হিসেব কড়ায় গণ্ডায় স্পেনকে ফিরিয়ে দিতে চান টনি ক্রুসরা। ইউরো ২৪-এ গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাঙ্গেরিকে হারালেও সুইজারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ডাই ম্যানচাফ্টদের। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। স্পেনকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জার্মানির তরুণ ফুটবলারেরাও। জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টৎজ, ফ্লোরিয়ান রিৎজরা এই প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করেছেন। পাশাপাশি টনি ক্রুস, ম্যানুয়েল নয়ার, ইকে গুণ্ডোয়ান, আন্তোনিও রুডিগারের মত অভিজ্ঞতায় ভরপুর ফুটবলারেরাও রয়েছেন। প্রথম দুজনের সম্ভবত এটাই শেষ ইউরো কাপ। ক্রুস স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে রয়েছেন দীর্ঘ সময় তাই সে দেশের ফুটবল দর্শনের সঙ্গে তিনি পরিচিত। ইয়ামালদের তরুণ ব্রিগেডকে তিনি সমীহ করছেন। সব মিলিয়ে দুই দল প্রস্তুত বিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য।

About Post Author