সময় কলকাতা ডেস্ক, ২ আগস্ট: NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। নিটের প্রশ্নফাঁস মামলার তদন্তভার নেওয়ার পরই একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এসব বিতর্কের মাঝেই এবার NEET-UG প্রশ্নফাঁস মামলার চার্জশিট জমা দিল সিবিআই। এই চার্জশিটে মোট ১৩ জনের নাম রয়েছে বলেই জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে মোট ছ’টি ধারায় মামলা রুজু করেছে সিবিআই।
আরও পড়ুন বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ নেই যার ভিত্তিতে বলা যায় যে পরীক্ষায় বিরাট মাপের কারচুপি হয়েছে। নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। কয়েক জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের কারণে নতুন করে NEET-UG পরীক্ষা নেওয়া হলে তা ২৪ লক্ষ পরীক্ষার্থীর জন্য ব্যাপক ক্ষতিকর হবে। কেননা পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই দূরদূরান্ত অতিক্রম করে এসে পরীক্ষা দিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই NEET UG- এর হলফনামা পেশ করেছে সিবিআই। হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল, সেটা খানিকটা লঘু করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি। স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে, তবে সেটা স্থানীয় স্তরে। এদিকে, নিট ইউজি -এর প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও চলেছে তল্লাশি। শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর