Home » মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশ! মৃতের সংখ্যা বেড়ে ২৩, জারি উদ্ধারকাজ

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশ! মৃতের সংখ্যা বেড়ে ২৩, জারি উদ্ধারকাজ

সময় কলকাতা ডেস্ক, ৩ আগস্ট: বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। মেঘভাঙা বৃষ্টিতে ও ধসের জেরে হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে এখনও অবধি ২৩ জনের মৃত্যু হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে হড়পা বান। একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে বহু বাড়িঘর। নিখোঁজ কয়েকশো মানুষ। ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, সিআইএসএফ ও হোমগার্ড, আইটিবিপি-ও। শুক্রবার সকালে হিমাচল প্রদেশের মাণ্ডিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। মাণ্ডিতে ভূমিধসের জেরে রাজবান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরেও মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১২ জন নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জোরকদমে চলছে উদ্ধারকাজ। একনাগাড়ে বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছেন বহু মানুষ। হাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন  ৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে? কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?

এদিকে, গত কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারনাথ, চামোলি, টিহরী। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে মন্দাকিনী নদীর জলস্তর। একনাগাড়ে বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় ধস নামে। এর জেরে প্রায় ২০০-র কাছাকাছি পর্যটক কেদারনাথে আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। গত বুধবার উত্তরাখণ্ডের টিহরীতে প্রবল বৃষ্টিতে ধসে যায় একটি হোটেল। মৃত্যু হয় পাঁচ পর্যটকের। টিহরীতে একটি পরিবারের বেশ কয়েক জন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। এর কিছুক্ষণ পরই কেদারনাথেও মেঘভাঙা বৃষ্টি নামার খবর মেলে। ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। নিরাপত্তার কারণে রুদ্রপ্রয়াগ, বাদেশ্বর, চম্পাবত এবং টিহরী জেলার বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি আর ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড়-তাওয়াঘাট জাতীয় সড়ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করে ধসপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

#Latestbengalinews 

#23DeadInUttarakhandHimachal 

About Post Author