সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবারও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৩ আগস্ট পর্যন্ত। অতিভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৯ আগস্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১০ থেকে ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে গত সপ্তাহ থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এদিকে, বৃষ্টির জেরে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৮৮ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে, উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ