Home » Premier League: সালাহ ম্যাজিকে জয় লিভারপুলের, জিতল আর্সেনালও

Premier League: সালাহ ম্যাজিকে জয় লিভারপুলের, জিতল আর্সেনালও

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অগস্ট: জয় দিয়ে এবারের প্রিমিয়ার লিগ (Premier League) অভিযান শুরু করল লিভারপুল (Liverpool) ও আর্সেনাল (Arsenal)। শনিবার ইপসুইচ টাউনকে (Ipswitch Town) হারাল আর্নে স্লটের ছেলেরা। খেলার ফল ২-০। দুরন্ত ফুটবল উপহার দিলেন মো সালাহ (Mohammed Salah)। একটি করে গোল করলেন ও করালেন মিশরের তারকা ফুটবলার। অন্যদিকে, উলভসকে (Wolves) হারিয়ে দিল আর্সেনাল। গত দুই বারের রানার্স আপরা জিতল ২-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোল দুটি করলেন কাই হ্যাভার্টজ ও বুকায়ো সাকা (Bukayo Saka)।

ইউর্গেন ক্লপ জমানা শেষের পর প্রথম বার প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল লিভারপুল । পোর্টম্যান রোডে তাঁদের প্রতিপক্ষ ছিল এই মরশুমে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া ইপসুইচ। দুর্বল দলের বিরুদ্ধে প্রথম দিকে ভাল বেগ পেতে হয় অল রেডদের। প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট পর্যন্ত ইপসুইচ রক্ষণে আটকে যাচ্ছিলেন লিভারপুলের আক্রমণভাগের ফুটবলাররা। অবশেষে দলের হয়ে মরশুমের প্রথম গোলটি করেন দিয়েগো জটা। আলেকজান্ডার আর্নল্ডার কাছ থেকে বল পেয়ে তাঁকে গোলের বলটি সাজিয়ে দেন মো সালাহ। এদিন নিজের চেনা ছন্দেই মাঠে বিরাজ করেন তিনি। প্রথম গোলের পাঁচ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মিশরের মেসি। একই সঙ্গে গড়লেন নয়া রেকর্ড। দলের হয়ে মরশুমের প্রথম ম্যাচে মোট নয়টি গোল করে ফেললেন তিনি। এর আগে আটটি গোল করে রেকর্ড ছিল তিনজনের দখলে। তাঁরা হলেন ওয়েন রুনি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও অ্যালেন শিয়ারার। এদিন সকলকে ছাপিয়ে গেলেন সালাহ।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: কঠিন ধাঁধা, ৫০ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুন: Manchester United: অভিষেকেই গোল জির্কজির, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

জয় পেয়েছে আর্সেনালও। নিজেদের ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে উলভসকে। প্রথমার্ধের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কাই হ্যাভার্টজ। বুকায়ো সাকার সাজিয়ে দেওয়া বল থেকে গোল করেন জার্মান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে নিজেই গোল করে দলকে জয় এনে দেন সাকা। একক দক্ষতায় ডানপ্রান্ত ধরে বল নিয়ে উঠে গোল করেন তিনি। গোল শোধের মরিয়া চেষ্টা করেও শেষরক্ষা হয়নি উলভসের।

About Post Author