স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: ফের অ্যাক্সিডেন্টে রক্তাক্ত ভারতের এক ক্রিকেটার। এবার ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল মুশির খান। গাড়ি দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত মুম্বইয়ের রঞ্জি তারকা। ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন ইরানি ট্রফি খেলতে। তবে এবারের ইরানি ট্রফি আর বোধ হয় খেলা হল না তাঁর! একই গাড়িতে ছিলেন তাঁর বাবাও। অ্যাক্সিডেন্টের পর ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর কাঁধে গুরুতর চোট পাওয়ার জন্য মুশিরকে ১৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

আরও পড়ুন: Kamindu Mendis: গলে ব্র্যাডম্যানের ৭৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু
এর আগে ২০২২ সালে ভারতীয় দলের কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পড়েছিলেন। দুর্ঘটনার দিন অনেক সূত্র থেকে খবর পাওয়া গিয়েছিল আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিলেন পন্থ। ততটা ভয়ঙ্কর না হলেও এবার সেই স্মৃতি কিছুটা ফিরে এল মুশির খানের মাধ্যমে। বাবা তথা কোচ নৌশাদ খানের সঙ্গে মুম্বই থেকে লখনউ যাচ্ছিলেন মুশির। উদ্দেশ্য ছিল ইরানি ট্রফি খেলা। যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িটি। সঙ্গে সঙ্গে যাত্রী সমেত উলটে যায় গাড়িটি। সূত্রের দাবি, কাঁধে গুরুতর চোট পেয়েছেন উনিশ বছরের এই ক্রিকেটার। সন্দেহ করা হচ্ছে কাঁধের একটি হাড়ও ভেঙেছে। টেস্ট রিপোর্ট সামনে এলেই কী কী ক্ষতি হয়েছে তা সঠিক জানা যাবে। পরবর্তী চিকিৎসার জন্য রবিবার তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত প্রায় চার মাস ক্রিকেট থেকে বাইরে থাকবেন তিনি। একজন স্পোর্টস ম্যানের জন্য শরীরই সম্বল। কার্যত, কেরিয়ারের শুরুতে এই ধরনের শরীরিক চোট ব্যাকফুটে ঠেলে দিতে পারে মুশির খানকে, মত ক্রিকেট মহলের।
আরও পড়ুন: Anwar Ali: আনোয়ার ইস্যুতে আবার পিছিয়ে গেল শুনানি, ইস্টবেঙ্গলকে ডেডলাইন ফেডারেশনের
সম্প্রতি শেষ হয়েছে দিলীপ ট্রফি। সেখানে ইন্ডিয়া-বি দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন মুশির। প্রথম দিন বাইশ গজে নেমেই দলের অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হলেও চাপের মুখে ১৮১ রান করেছিলেন তিনি। ভেঙে দিয়েছিলেন ক্রিকেটের ভগবান সচিনের রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে তাঁর রানসংখ্যা ৭১৬। কার্যত ভারতীয় সিনিয়ার দলে কড়া নাড়ছিলেন তিনি। তবে আপাতত তাঁর দুরন্ত ব্যাটিং দেখতে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে সমর্থকদের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার