স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বরঃ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বড় অঘটন। খাতায় কলমে দুর্বল প্যারাগুয়ের বিরুদ্ধে হেরে গেল আর্জেন্টিনা। যদিও ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। তারপর দুই অর্ধে দুটি গোল হজম করতে হয় তাদের। তবে এই ম্যাচে হারলেও লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষেই রইল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এগিয়ে গিয়ে জেতা হল না ব্রাজিলেরও। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়তে হল ভিনিসিয়াস জুনিয়রদের।

আর্জেন্টিনাকে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন লাউতারো মার্টিনেজ। এঞ্জো ফার্নান্ডেজের পাস থেকে গোল করেন তিনি। যদিও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্যারাগুয়ে। ১৮ মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া। গ্যালারিতে মেসিদের জার্সি আগেই নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে ফুটবল সংস্থা। এ দিন আর্জেন্টিনার অধিনায়ককেও কড়া প্রহরায় রেখেছিলেন তাদের ডিফেন্ডাররা। খুব বেশি সুবিধে করতে পারছিলেন না এলএমটেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে আয়োজকদের এগিয়ে দেন ওমর আলদেরেত। সেই গোল আর শোধ করতে পারেনি লা আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। যদিও ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় খুব পরিবর্তন হয়নি। ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে।
আরও পড়ুনঃ IND vs RSA: সিরিজে এগিয়ে রেকর্ডের ছড়াছড়ি সেঞ্চুরিয়নে, কী কী রেকর্ড করল ভারত? জানুন…
অন্যদিকে, পরপর দুই ম্যাচে জয়ের পর আটকে গেল ব্রাজিল। ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল দোরিভাল জুনিয়রের ছেলেরা। যদিও এই ম্যাচে জিতেই মাঠ ছাড়তে পারতেন তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। বিরতির সময় সেই গোলে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে আয়োজকদের সমতায় ফেরান টেলাস্কো সোগোভিয়া। তারপর বাকি সময় প্রাধান্য নিয়ে খেললেও গোলের খাতা খুলতে পারেনি ব্রাজিল। ৮৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ভেনেজুয়েলার আলেক্সান্ডার গঞ্জালেস। শেষ কয়েকমিনিট দশজন নিয়েই ভিনিসিয়াসদের আটকে দিল ফার্নান্দো বাতিস্তার ছেলেরা। এই ম্যাচ ড্র করে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রইল ব্রাজিল।


More Stories
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী