Home » বারাসাতে প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র

বারাসাতে প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা, ৬ জুন : বিজেপির বর্তমান জেলা সভাপতির পরে প্রাক্তন সভাপতি। বারাসাতে প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র। কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে বিজেপি শীর্ষস্থানীয় নেতাদের? কেন মার খেতে হল তাপস মিত্রকে? প্রাথমিকভাবে কী জানা যাচ্ছে! তাপস মিত্র যা বলেছেন তা থেকে বিজেপির কোন্দল ও দ্বন্দ্বের কথাই সামনে এসেছে।

আবার বারাসাতে বিজেপির প্রথম সারির নেতা প্রহৃত।এবার বিজেপি সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি তাপস মিত্র প্রহৃত হলেন। দশদিনের মধ্যে বারাসাতে এটি দ্বিতীয় ঘটনা যেখানে প্রথম ঘটনায় বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি রাজীব পোদ্দার মার হওয়ার পরে এবার মার খেতে হল তাপস মিত্রকে। তবে বর্তমান সভাপতি রাজীব পোদ্দার আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপির দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ ঘটে। দ্বিতীয় ঘটনাটিও দলীয় অন্তর্দ্বন্দ্ব বলেই জানিয়েছেন আক্রান্ত নিজেই।

উল্লেখ্য, বিজেপির প্রার্থী পদ ঘোষণা হওয়ার পরে তাপস মিত্র বিদ্রোহী ও বিক্ষুব্ধ হয়ে দলীয় সদস্য পদ থেকে অব্যাহতি দিতে চেয়ে দলের কাছে চিঠি দিয়েছিলেন তবে কয়েকদিনের মধ্যেই তিনি দলে ফেরেন। এদিন তিনি বারাসাতের ১৯ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন বলেই সূত্রের খবর। সেখানে বেশ বিক্ষুব্ধ জনতা তাঁর ওপরে চড়াও হয়। আমি মানুষের একাংশের বক্তব্যে উঠে এসেছে বিজেপির বারাসাত এবং রাজ্যের দুজন শীর্ষস্থানীয় নেতার নাম। তাঁদের মদতেই নাকি মারধর করা হয়। তবে তাপস মিত্র নিজে এই ঘটনায় আক্রমণকারীদের নব্য তৃণমূল বলেই আখ্যা দিয়েছেন। তবে বিজেপির উচ্চ নেতৃত্ব ঘটনাটি খতিয়ে দেখছেন এবং এই বক্তব্য সম্পর্কে তাঁরা সহমত নন । তাঁদের মতে, স্থানীয় বিক্ষুব্ধ মানুষের হাতে আক্রান্ত হন তাপস মিত্র। তাঁদের মতে, তাপস মিত্র নিগ্রহের ঘটনায় যুক্ত নয় বিজেপির শীর্ষস্থানীয় কোন নেতা। সূত্রটি এও বলছে, তাপস মিত্র আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপির যে নেতাদের নাম কেউ কেউ বলছেন তাঁরা বা তাঁদের অনুগামীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর পেয়ে তাপস মিত্রকে বাঁচাতে ছুটে যান। ঘটনার পরে তাপস মিত্র কে বারাসাত থানায় নিয়ে আসা হয়। তিনি পুলিশের কাছে কি অভিযোগ দায়ের করেছেন  তা এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়। তবে তাপস মিত্র, সংবাদ মাধ্যমের সামনে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নব্য বিজেপিদের হাতে আক্রান্ত হয়েছে তাঁকে। পাশাপাশি এই আক্রমণে জনৈক সুবীর শীলের যুক্ত থাকার কথা উল্লেখ করেছেন তিনি।তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতির সঙ্গে দেখা করবেন।।

# প্রহৃত বিজেপি নেতা তাপস মিত্র

About Post Author