Home » UEFA Nations League: ইজরায়েলের কাছে আটকে গেল ফ্রান্স, বেলজিয়ামকে হারাল ইতালি, বড় জয় বেলিংহামদের

UEFA Nations League: ইজরায়েলের কাছে আটকে গেল ফ্রান্স, বেলজিয়ামকে হারাল ইতালি, বড় জয় বেলিংহামদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বরঃ উয়েফা নেশনস লিগে ইজরায়েলের বিরুদ্ধে আটকে গেল ফ্রান্স। বৃহস্পতিবার প্যারিসের স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে গোলের দেখা পায়নি দিদিয়ের দেশঁর শিষ্যরা। ম্যাচ শেষ হয় গোলশূন্য।

কোচের সঙ্গে ঝামেলার জন্য জাতীয় দলের হয়ে খেলতে চাননা দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার খাতায় কলমে দুর্বল ইজরায়েলের বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে ছাড়াই দল সাজিয়েছিলেন বিশ্বজয়ী কোচ। দলে কেউ যে অপরিহার্য নয় সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন দেশঁ। কিন্তু এমবাপ্পের অভাব ম্যাচে টের পেল ফ্রান্স। নব্বই মিনিটের সিংহভাগ সময় বিপক্ষের বক্সে কাটালেও গোলের দেখা পেল না তারা। ম্যাচে ৭২ শতাংশ বলের দখল ছিল আয়োজকদের দখলে। ২৪ শটের মধ্যে ৮ টি লক্ষ্যে রেখেও একটিও জালে জড়াতে পারেনি তারা। এই ম্যাচ ড্র হলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছতে অসুবিধে হয়নি গতবিশ্বকাপের ফাইনালিস্টদের। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। 

এই গ্রুপের অন্য ম্যাচে জয় পেয়েছে ইতালি। ব্রুসেলসে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আজুরি ব্রিগেড। তবে শুধু জয়ই নয়, ম্যাচে আগা গোড়া প্রাধান্য নিয়েই খেলেছে তারা। ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যে এগিয়ে যায় সফরকারী দল। গোল করে করেন মিডফিল্ডার সান্দ্রো তোনালি। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ইতালি। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম।

আরও পড়ুনঃ FIFA World Cup Qualifier: প্যারাগুয়ের বিরুদ্ধে হার মেসিদের, ড্র ব্রাজিলের

অন্যদিকে লিগ বি-র গ্রুপ ২-র ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এথেন্সের ওলিম্পিক স্টেডিয়ামে গ্রীসকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা। খেলা শুরুর সাত মিনিটের মধ্যে ওলি ওটকিন্সের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। পরের গোলের জন্য ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয় ৭৭ মিনিট পর্যন্ত। তবে এ বার ইংল্যান্ডের কোনও ফুটবলার গোল করেননি। গ্রীসের এক ফুটবলারের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে সফরকারী দল। ৮৩ মিনিটে দলের হয়ে তৃতীয় ও শেষ গোল করেন কুর্তিস জোন্স। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল ইংল্যান্ড। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমসংখ্যক ম্যাচে গ্রীসেরও পয়েন্ট ১২। গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইরিশরা। তবে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ফিনল্যান্ড ।

লিগ বি-র গ্রুপ ৩-র ম্যাচে জয় পেয়েছে অস্ট্রিয়া। তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে কাজাখস্তানকে। গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়াকে ৪-১ ব্যবধানে  হারিয়েছে নরওয়ে। তাদের হয়ে জোড়া গোল করেন আন্তোনিও নুসা। একটি গোল পেয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। এই গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রিয়া। তাদের পয়েন্ট ১০। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যের বিচারে দ্বিতীয় স্থানে হালান্ডের দেশ। তৃতীয় স্থানে থাকা স্লোভেনিয়ার পয়েন্ট ৭। কাজাখস্তান রয়েছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১।

About Post Author