স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বরঃ আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত দুই দলের ক্রিকেটাররা। তার মধ্যেই মাইন্ড গেম শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রত্যেকদিন দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা নিশান করছেন ভারতের কোচ ও ক্রিকেটারদের। সম্প্রতি গৌতম গম্ভীরকে বদমেজাজী বলে কটাক্ষ করেছিলেন অজিদের দু’বারের বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। এ বার সেই সুরেই ভারতের কোচকে বিঁধলেন আরও এক প্রাক্তন অধিনায়ক টিম পেইন ।

সম্প্রতি পন্টিং ও গম্ভীরের বিতর্ক নিয়ে মুখ খোলেন টিম পেইন। তিনি বলেন, “ভারতের নতুন কোচ গম্ভীর বেশ বদমেজাজি। ও সব সময় লড়াই করার মেজাজে থাকে। বিষয়টা যে খুব খারাপ তা নয়। তবে আমার মনে হয় গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য উপযুক্ত নন।” এখানেই থেমে থাকেননি পেইন। গম্ভীরের সঙ্গে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীরও তুলনা টেনেছেন। তিনি বলেন, “রবি শাস্ত্রী ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে সক্ষম হয়েছিলেন। তাই ওঁর সময় ভারত অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে জোড়া সাফল্য পেয়েছে। কিন্তু গম্ভীর একেবারেই সেরকম নন।” তারপরেই পেইন প্রশ্ন তুলেছেন, “আপনি যদি সাংবাদিক প্রশ্নে একটি সহজ প্রশ্নে মেজাজ হারান, তাহলে গোটা সিরিজে কী করবেন?” পাশাপাশি ভারতীয় দলের মূল সমস্যাটা রোহিত-কোহলির রানের থেকেও বেশি গম্ভীরের মেজাজে লুকিয়ে রয়েছে বলে মনে করেন পেইন।
আরও পড়ুনঃ UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে
গোটা ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। বিরাট কোহলিকে নিশানা করেছিলেন পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের দাবি ছিল, বিরাটের জায়গায় অন্য কেউ দীর্ঘদিন রানের মধ্যে না থাকলে, আর কোনওদিন খেলার সুযোগই পেতেন না। বিরাট এই প্রশ্নের জবাব না দিলেও, গম্ভীর চুপ থাকেননি। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের মাথাব্যথার কোনও কারণ নেই। পন্টিং যেন নিজের দেশের ক্রিকেট নিয়ে থাকেন। গম্ভীরের উপদেশের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন পন্টিং। তিনি সাফ জানিয়ে দেন, তিনি গম্ভীরের মন্তব্যে বিচলিত নন। কারণ তিনি জানেন গম্ভীর একজন বদমেজাজী মানুষ।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক