Home » India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১ ডিসেম্বর: পার্থের পিচে অজিদের দুরমুশ করার পর ভারতের আত্মবিস্বাস এখন তুঙ্গে। দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে। গোলাপি বলে দিনরাতের টেস্ট। তার আগে গোলাপি বলে বিশেষ প্রস্তুতি ম্যাচ খেলল ভারত। সেই ম্যাচে বিরাটকে মাঠেই নামতে হল না। অজিদের যেন হেলায় উড়িয়ে মসৃন জয় পেল ভারত। প্রথম ম্যাচে চোটের জন্য প্যাভিলিয়নে বসে থাকতে হয়েছিল শুভমান গিলকে। শনিবার আঙুলের চোট সারিয়ে মাঠে নেমেই হাফ সেঞ্চুরি করলেন শুভমান গিল।

এই সেই অ্যাডিলেড, যে মাঠে ২০২০-২১ বর্ডার গাভাস্কার ট্রফিতে লজ্জার নজির গড়েছিল ভারত। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। তিন বছর পরে ফের ভারতের সামনে সেই অ্যাডিলেড। পিঙ্ক বল টেস্টে খেলতে নামবে ভারত। কঠিন সেই টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচেই দারুন প্রদর্শন করল মেন ইন ব্লু।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড

খেলার প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিন ৫০ ওভারের ম্যাচ খেলল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে অজি প্রধানমন্ত্রী একাদশের ওপেনার স্যাম কনস্টাস সেঞ্চুরি করেন। এদিন প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন বুমরাহ। ম্যাচে চার উইকেট তুলে কেকেআর তারকা হর্ষিত রানা। দুই উইকেট নিয়েছে আর এক তরুণ তুর্কি আকাশ দীপ। এছাড়াও বল হাতে মাঠ কাঁপালেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজারা। যার সৌজন্যে দশ উইকেট হারিয়ে ৪৪ ওভারে ২৪০ রানে আটকে যায় অজি প্রধানমন্ত্রী একাদশ।

আরও পড়ুনঃ Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?

অজিদের দেওয়া ২৪১ এর লক্ষ্য তাড়া করতে নামে গত ম্যাচের ওপেনিং জুড়ি যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি গোটা সিরিজেই এই তারা ওপেনিং করবেন। তবে অধিয়ায়ক রোহিত নামবেন কখন? প্রস্তুতি ম্যাচে তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন আঙুলের চোট সারিয়ে ফেরা শুভমান গিল। এদিন নিখুত একটি ইনিংস খেলেছেন তিনি। করেছেন অর্ধশত রান। চারে নেমেছেন রোহিত। যদিও মাত্র ৩ রানে ফিরেছেন সাজঘরে। রান পাননি সরফরাজ খানও। শেষের দিকে ভালো ব্যাটে-বলে খেলেছেন নীতীশ। ফলে হাতে চার উইকেট নিয়েই এই প্ৰস্তুতি ম্যাচ নিজেদের নামে করেছেন রোহিত ব্রিগেড। তবে বিরাটের খেলতে না নামায় অবাক সমর্থকেরা। গত ম্যাচে শতরান করার পর সবাই তাঁকে মাঠে আশা করেছিল। কিন্তু প্রস্তুতি ম্যাচে কেন নামলেন না কিং কোহলি, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

About Post Author