স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ডিসেম্বরঃ প্রিমিয়ার লিগে ছুটছে লিভারপুলের বিজয় রথ। রবিবার ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। প্রায় একপেশে ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্নে স্লটের ছেলেরা। গোল করলেন কোডি গ্যাকপো ও মহম্মদ সালাহ। এই নিয়ে প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচের চারটিতেই জয় পেল অল রেডরা। অন্যদিকে, সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়ের দেখা পেল না গুয়ার্দিওলা ব্রিগেড।

রবিবার অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে থাকে আয়োজকরা। ১১ মিনিটের মাথায় ভ্যান ডাইকের হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। পরের মিনিটেই গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কোডি গ্যাকপো। উইং থেকে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন মহম্মদ সালাহ। দ্বিতীয় পোস্টের কাছেই ছিলেন ডাচ ফরোয়ার্ড। প্রায় ফাঁকা গোলেই বল ঠেলে দলকে এগিয়ে দেন গ্যাকপো।
এই ম্যাচে নামার আগে টানা ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে তিন গোলে গিয়েও জিততে পারেননি গুয়ার্দিওলার শিষ্যরা। রক্ষণের ভুলে তিনটি গোল হজম করতে হয়েছিল তাদের। এই ম্যাচেও সেই জড়তা কাটিয়ে উঠতে পারলেননা রুবেন ডিয়াজরা। নিজেদের মধ্যে পাস খেলতে গিয়ে বল জমা করলেন লিভারপুল ফুটবলারদের পায়ে। ফলে একাধিক বার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল আর্নে স্লটের ছেলেরা। সুযোগের অপব্যবহার না করলে বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত তারা। অপরদিকে প্রথমার্ধে সিটিজেনরা সেরকমযভাবে আক্রমণে উঠতে পারেনি। ৩৯ মিনিটের মাথায় একমাত্র প্রয়াসটি করেছিলেন লিউয়িস। কিন্তু ১৫ গজ থেকে নেওয়া শট নিশানায় রাখতে পারেননি তিনি।
আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন গ্যাকপো। প্রতিআক্রমণে রবার্টসনের ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নুনেজ সেই বলকে বিপদমুক্ত করেন। ৫৬ মিনিটে গোলরক্ষককে কাটিয়েও ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি সালাহ। ৭৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে দিয়াজকে ফাউল করেন ওর্টেগা। পেনাল্টি পায় লিভারপুল। স্পট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মিশরীয় তারকা সালাহ। আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। শেষের দিকে ভ্যান ডাইকের ভুলে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন লিভারপুল গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আয়োজকরা। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে নেমে গেল ম্যানচেস্টার সিটি।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক