Home » East Bengal: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

East Bengal: পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কার্ড ও চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি । লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা দলের বিরুদ্ধে নামার আগে চোট ও কার্ড সমস্যায় জর্জরিত লাল-হলুদ ব্রিগেড। যদিও তারপরেও জয়ের আশা ছাড়ছেন না কোচ অস্কার ব্রুজো।

নর্থ-ইস্ট ইউনাইটেড ও চেন্নাইয়িনকে হারিয়ে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গল। সমর্থকরাও আশায় ছিলেন পুরনো ছন্দে ফিরছে তাদের প্রিয় ক্লাব। কিন্তু ওড়িশার বিরুদ্ধে হেরে কিছুটা তাল কাটে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে লাল-হলুদ মুখোমুখি পঞ্জাব এফসির। আইএসএলের আঙিনায় তাঁরাও নবাগত। কিন্তু কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের থেকে অপেক্ষাকৃত অনেকটা ভাল জায়গায় রয়েছে পঞ্জাবের দলটি। যদিও শেষ ম্যাচে জামশেদপুরের কাছে হারতে হয়েছে প্যানিওস দিলেম্পেরিসের ছেলেদের। এই পরিস্থিতিতে খুব সুবিধেজনক জায়গায় নেই মাদি তালালের পুরনো দল। তবে সেই দলকে হারানো কঠিন হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের কাছে। কারণ চোটের জন্য একাধিক প্রথম একাদশের ফুটবলারকে পাবেন না ব্রুজো। এসিএল চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তালাল। পুরনো দলের বিরুদ্ধে তিনি যে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুনঃ Pritvi Shaw: ‘শিশুর মত আগলে রাখতে পারব না’ সতীর্থ পৃথ্বীকে নিয়ে বিস্ফোরক শ্রেয়স

গত ম্যাচে লাল কার্ড দেখায় নেই জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার জিকসন সিং। হেক্টর ইয়ুস্তে ও দিমিত্রি ডিয়ামান্তাকোসেরও চোট রয়েছে। তবে পঞ্জাব এফসি ম্যাচের আগের দিন দুজনেই অনুশীলনে ছিলেন। আনোয়ারকে মিডফিল্ডে খেলিয়ে দেখে নেন অস্কার। সেক্ষেত্রে আনোয়ারকে মাঝমাঠে খেলিয়ে হিজাজি মাহের ও হেক্টরকে রক্ষণে শুরু করাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। দুই সাইডব্যাকে খেলবেন চুংনুঙ্গা ও মহম্মদ রাকিপ। মাঝমাঠে আনোয়ারের পাশে খেলবেন শৌভিক চক্রবর্তী। দুই উইংয়ে দেখা যেতে পারে মহেশ নাওরেম সিং ও নন্দা কুমারকে। আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে পিভি বিষ্ণুকে। গোল করার দায়িত্বে থাকবেন ক্লেইটন সিলভা।  

তবে প্রতিপক্ষ যে কঠিন তা স্বীকার করে নিয়েছেন অস্কার। তিনি জানিয়েছেন, “প্রথম ছয়ে থাকা সব দলই শক্তিশালী। প্রতিযোগিতায় ওরা ধারাবাহিক ভাল খেলছে। সব বিভাগেই দক্ষ ফুটবলার রয়েছেন। আইএসএলের প্রথম সারির দলকে হারানোর ক্ষমতা ওদের যে রয়েছে তা প্রমাণিত। আমদের এই পরিস্থিতিতে পঞ্জাব ম্যাচেই আসল পরীক্ষা। এই ম্যাচেই নিজেদের শক্তি ও দুর্বলতা বোঝা যাবে।”  

About Post Author