সময় কলকাতা ডেস্ক:- ১২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ। তা পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এটিই হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ, আগামী বছর ভোট থাকায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে সরকারকে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশ করবেন।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতে, ঘরোয়া অর্থনীতিতে ক্রমশ কমে আসা উপভোক্তা ব্যয়ের প্রবণতা ঠেকাতে এটা নির্মলার সামনে বড় সুযোগ। সেই বাজেটে কী ঘোষণা হয় তার দিকে নজর থাকবেই সাধারণ মানুষের। আর সেই বাজেট ঘোষণার ১১ দিন পরই আবার রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে। স্বাভাবিকভাবেই এই বাজেট থেকে বেশ কিছু বড় ঘোষণা করা হবে। তবে সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক থাকতে পারে। গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় ১ হাজার টাকা। আর যাঁরা ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা ভাতা পাবেন বলে ঘোষণা হয়।
অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। ভোটের ফলই সেটা কার্যত প্রমাণ করে দেয়। সেই প্রেক্ষিতে এবারের বাজেটে ঠিক কী ঘোষণা করে সরকার তা কৌতূহল বাড়িয়েছে ইতিমধ্যে। কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য আদতে কিছু থাকে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ তৃণমূল সরকার বরাবর অভিযোগ করে যে, কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত করা হয় বাংলাকে। তবে এবার বাজেটে বাংলার প্রাপ্তির ভাণ্ডার শূন্য থাকবে নাকি খানিকটা পূর্ণ হবে, সেটাই দেখার। কারণ বাংলা নিয়ে কেন্দ্র আলাদা করে ভাবনা নিয়েছে বলেই অনুমান করছেন অনেকে। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, বিধানসভা ভোটের আগে এ বারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই সূত্রের খবর।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
দল মানে কারা? প্রশ্ন তুলে পদত্যাগ অরূপ-সুশান্তের
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?