Home » ঈদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঈদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক:- সোমবার ঈদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম উস্কানিতে পা না দেওয়ার জন্য আবেদনও করেন তিনি। একই সঙ্গে ধর্মের নামে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে বিরোধীদের কাঠগোড়ায় তুললেন মমতা। এবারও ঈদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ বানাতে ভোলেন নি মমতা। ঈদে রেড রোডের অনুষ্ঠানে মমতার পাশে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

২০১১ সালের আগে কোনদিনই রেড রোডে নামাজের অনুষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই রেড রোডে ঈদের নামাজে লেগেছে রাজনৈতিক রঙ। এদিন সেই মন্ত্র থেকে ‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে’, অভিযোগ করেন মমতার। তিনি বলেন, ‘আমরা একাই একশো। সব ধর্মের জন্য আমার জান কবুল। জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়, কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন, ওই দোকান আমি বন্ধ করে দেবো।’ এ দিন নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য থেকে এদিন বোঝা যাচ্ছিল সম্প্রতি লন্ডনে কেলগ কলেজের প্রভাব পড়েছে তার মধ্যে।

মমতা বলেন, ‘কলকাতা থেকে টিকিট কেটে বাম রাম একসঙ্গে গিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি হিন্দু? আমি বলেছি আমি হিন্দু, মুসলিম, শিখ…দিনের শেষে ভারতীয়। এরা শুধু বিভাজনের রাজনীতি করে।’ উস্কানি থেকে সাবধান থাকার সতর্কবার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কেউ অশান্তি চায়। দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান। কেউ উস্কানি দিলে ছোঁবেন না। জানবেন দিদি রয়েছে। কাউকে ছুঁলে তার গুরুত্ব বেড়ে যায়।’

এ দিন সকাল ৯টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান মমতা। এর পরই ঈদের মঞ্চ পরিণত হয় রাজনৈতিক মঞ্চে।

About Post Author