সময় কলকাতা ডেস্ক:- ওবিসি জটে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া থমকাচ্ছে না! অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাই কোর্ট। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আপাতত ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনপত্রে ‘ক্যাটেগরি’ উল্লেখ করা যাবে না।
আবেদনকারী জানান, ১৭ জুন হাইকোর্ট পাঁচটি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু ৭০ হাজারের বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে, এমনকী রাজ্য সরকারি পোর্টালে ওবিসি A ও B ক্যাটেগরি অনুযায়ী আবেদন নেওয়া হয়েছে। ৬৬ টি গোষ্ঠীর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি।
তাঁদের অভিযোগ, এতে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। তবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, আপাতত কোনও ক্যাটেগরি ধরে আবেদন গৃহীত হবে না। বিচারপতি মান্থার মন্তব্য, আবেদন চলুক। যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তখন সেই অনুযায়ী দেখা হবে। পুরো ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়।
বিচারপতিদের এও বক্তব্য, যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দেওয়া হোক। এখনই তাঁরা কোনও নির্দেশ দেবেন না, কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। তাঁদের নির্দেশ খারিজ করে দিতে পারে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। ২৪ জুন উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আপডেট আপলোড করা হয়েছে। এখনই ভর্তি হয়নি, ফলে কারও অধিকার ক্ষুণ্ণ হয়নি।
এদিকে আবেদনকারীদের যুক্তি, ক্যাটেগরি উল্লেখ থাকলে ভবিষ্যতে আসন সংরক্ষণে জটিলতা তৈরি হবে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, ৫ জুলাই মেরিট লিস্ট প্রকাশের সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। সব বক্তব্য শুনে বিচারপতিরা স্পষ্ট করেন, আপাতত সমস্ত ক্যাটেগরি আবেদন করতে পারবে, তবে কোনও ক্যাটেগরি উল্লেখ করা যাবে না। আদালত এই পর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করছে না। অবমাননার অভিযোগে জবাবদিহি করতে সংশ্লিষ্ট পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি