সময় কলকাতা ডেস্ক:- ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার রাশিয়ায় বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। দুর্ঘটনার জেরে ওই বিমানের ক্রু, যাত্রী সকলের মৃত্যু ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমান। সেটির গন্তব্য ছিল, রাশিয়ার আমুর প্রদেশের টিন্ডা। তবে বিমানটি টেক অফের পর মাঝপথ থেকে সেটির আর খোঁজ মিলছিল না। বিমানটির সাথে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
বিমানে ওই মুহূর্তে ৪৩ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ৫ জন শিশু, এবং ৬ জন ক্রু সদস্য।
রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রক জানিয়েছিলেন, রেডার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। এরপরই নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি চালানো হয়। এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানের জ্বলন্ত ধ্বংসস্তূপ খুঁজে পেয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধার কার্য জারি রয়েছে।
তবে, এক রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, খারাপ দৃশ্যমানতা এবং অবতরণের সময় ক্রুদের ভুল সিদ্ধান্ত এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে।


More Stories
ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে