Home » ইস্টবেঙ্গলে খেলার আগেই মাঠে অসুস্থ,মৃত্যু ফুটবলারের

ইস্টবেঙ্গলে খেলার আগেই মাঠে অসুস্থ,মৃত্যু ফুটবলারের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : এই মরশুমে ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে গেল।খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন রেল দলের প্রতিভাবান মিডিও দেবজ্যোতি ঘোষ।

গত বছর ডেনমার্ক দলের ক্রিস্টিয়ান এরিকসন ইউরো কাপ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মাঠেই। সময়মত চিকিৎসা পেয়ে বেঁচে ফেরেন তিনি। বাঙালি উদীয়মান মিডফিল্ডার দেবজ্যোতি ঘোষের সে সৌভাগ্য হয় নি। মর্মান্তিক চরম পরিণতির শিকার হলেন রেলওয়ে এফসির তরুণ ফুটবলার কৃষ্ণনগরের দেবজ্যোতি।নদীয়ার ধুবুলিয়ায় খেলা চলাকালীন অসুস্থ হয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হল ২৬ বছরের দেবজ্যোতির । গতবছর কলকাতা লীগ রানার্স আপ রেল দলের হয়ে ভালো খেলার সুবাদে ইস্টবেঙ্গলের নজরে ছিল দেবজ্যোতি।

জানা গেছে,নদীয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল টুর্নামেন্টে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণনগর চৌরাস্তা এলাকার বাসিন্দা দেবজ্যোতি। নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে খেলতে আসা দেবজ্যোতি ঘোষ আচমকা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। তাকে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয় ধুবুলিয়া হাসপাতাল কর্তৃপক্ষ।শক্তিনগর হাসপাতাল পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রতিভাবান ফুটবলারের।

রেল দলের ফুটবলার এবং কৃষ্ণনগরের বাসিন্দা হলেও বরানগর অ্যাডামাস ক্লাবে প্র্যাকটিস করত দেবজ্যোতি। এবছর ইস্টবেঙ্গল বি দলের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার মুখে অভাবী পরিবারের রোজগেরে দিব্যজ্যোতির আচমকা চলে যাওয়া অন্ধকার নিয়ে এল পরিবারে, অন্ধকার ময়দানেও…

About Post Author