Home » নববর্ষের শুরুতেই খুশির খবর,ফের খুলে গেল ভারত- বাংলাদেশ সীমান্ত

নববর্ষের শুরুতেই খুশির খবর,ফের খুলে গেল ভারত- বাংলাদেশ সীমান্ত

সময় কলকাতা ডেস্কঃ  শুক্রবার পয়লা বৈশাখ। আর নববর্ষের শুরুতেই খুশির খবর। বাঙালির পয়লা বৈশাখের শুরুতে খুশির হাওয়া দুই বাংলার মানুষের মধ্যে। করোনার বাড়বাড়ন্তের জন্য মাঝে গত দু’বছর ধরে বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়াত। এবার সমস্ত সমস্যার মুস্কিল আসান হল। ফের আগের মত দুই  দেশের নাগরিকরা যাতায়াত করতে পারবেন। ভারত সরকারের অনুমোদনে বৃহস্পতিবার থেকে আবার খুলে গেল ভারত- বাংলাদেশ সীমান্তে পাসপোর্টের মাধ্যমে যাতায়াত।

যদিও ভারত বাংলাদেশ সীমান্ত আমদানি রপ্তানির জন্য বেশ কয়েক মাস আগে খুলে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল ইন্দো-বাংলা চেকপয়েন্ট। যার ফলে  ওপার থেকে ভারতে আসা বহু মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যদিও পশ্চিমবঙ্গের বেনাপোল এবং পেট্রাপোল বন্দর খুলে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর সাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল। যার ফলে দুই দেশের মানুষের যাতায়াতে অনেকটাই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে আবার যাতায়াত স্বাভাবিক হওয়ার কারণে খুশির হাওয়া বইছে দুই দেশের নাগরিকদের মধ্যে।

প্রসঙ্গত গত দু’বছর মারণ ভাইরাসের থাবায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ফলে দেশজুড়ে বন্ধ ছিল স্কুল-কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গিয়েছিল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তগুলি। বর্তমানে নিয়ন্ত্রণে করোনা ভাইরাস, আর সে কারণেই ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে পৃথিবী।

About Post Author