সময় কলকাতা ডেস্ক: ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী ক্যাম্পাস। ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে বসে থাকা সত্বেও মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেননি বিশ্বভারতীর উপাচার্য। এমত পরিস্থিতিতে শনিবার বহিরাগত কিছু ছেলে বাইক নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে আসে। তাদের পিছু ধাওয়া করে সেই বহিরাগত যুবকদের হটিয়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানে রয়েছে কয়েকজন আন্দোলনরত ছাত্রছাত্রী । তাদের দাবি উপাচার্যকে বেরিয়ে এসে কথা বলতে হবে তাদের সঙ্গে। পাশাপাশি, মোতায়েন রয়েছে পুলিশও।
এদিন, ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত হয় স্থানীয় বেশ কয়েকজন যুবক। তাদের দাবি, তারা মৃত ওই ছাত্রের বন্ধু। ওই ছাত্রের মৃত্যু আদতে আত্মহত্যা নাকি খুন তার সঠিক তদন্ত করুক পুলিশ। কি কারনে মৃত্যু হল এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন তারা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় আন্দোলনরত ছাত্র ছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পক্ষ থেকে একটি মিছিলও করা হয় বিশ্বভারতী চত্বরে।
এ বিষয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শনিবার মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন। জানান, ‘খুবই দুঃখজনক ঘটনা, অবাক হয়ে যাচ্ছি যে বিশ্বভারতী তার পরিবারকে খবর পর্যন্ত দেয়নি। মৃতদেহ নামানো থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত তার পরিবার এবং পুলিশ কাউকে কোন খবর দেওয়া হয়নি।তারপরেও দুদিন ধরে অমানবিক ব্যবহার করে গেলেন উপাচার্য। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা না করে।’ পাশাপাশি গতকাল রাত্রে ছাত্রছাত্রীদের ওপর হামলা প্রসঙ্গে তিনি জানান বিশ্বভারতীর ভিসি কিছু অ্যান্টি সোশ্যাল পুষছে। যাদেরকে দিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা করানো হয়েছে। এটা জনরোষ কোনো পলিটিক্যাল আন্দোলন নয়, ভিসি আর কি কি বিষয়ে জড়িত আছে পরবর্তীতে সব প্রমাণ হয়ে যাবে।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী