সময় কলকাতা ডেস্ক : মার দায়িত্ব বহুমুখী।মা শুধুমাত্র গর্ভধারিণী, জন্মদাত্রী নন – একজন মা একজন বন্ধু, রক্ষক, পথপ্রদর্শক, শৃঙ্খলাবাদী এবং সন্তানের জীবনে সবকিছুই মায়ের মমতায় মাখা। সন্তানকে গর্ভে ধারণ মা হওয়ার প্রাথমিক শর্ত নয়। তাই একজন মমতাময়ী নারী যখন অগণিত পথকুকুর সহ অবলাজীবদের সন্তানস্নেহে আঁকড়ে রেখে তাদের মুখে খাদ্য তুলে দেন তখন তিনি আদর্শ মায়ের উদাহরণ হয়ে ওঠেন। বারাসাতের নবপল্লী এলাকার স্বপ্না চক্রবর্তী এমনই একজন মা। তাঁকে ঘিরে ৮ মে ‘সময় কলকাতা’র মাতৃ দিবসের প্রতিবেদন।

মা একজন নিঃস্বার্থ নারী যিনি তাদের সন্তানদের প্রয়োজনের জন্য তার চাহিদাকে বিসর্জন ও উৎসর্গ করেন।একজন মায়ের ভালবাসা তার সন্তানদের জন্য নিঃশর্ত।মা সন্তানদের জন্য নিজের সেরাটুকু দিয়ে থাকেন। স্বপ্না চক্রবর্তীও তেমনটাই করেন। নিজের নাচের স্কুলের ছাত্র ছাত্রী,স্বামী আশীষ চক্রবর্তী,কন্যা আহেলী এবং অগণিত পথ কুকুর বা পায়রা ও অবলা জীব নিয়ে তাঁর সংসার।প্রায় ১৫ বছর আগে আহত তিনটি কুকুরকে সেবার মাধ্যমে পথ পশু প্রতিপালনের যে দায়িত্ব তিনি নিয়েছিলেন সেই অবলাদের সংখ্যা এখন শতাধিক। শীত গ্রীষ্ম- বছরের প্রতিদিন নিয়ম করে কয়েক হাঁড়িতে ভর্তি ভাত ও অন্য পুষ্টিকর খাদ্য সহযোগে তার সঙ্গে চুক্তিবদ্ধ ভ্যান পৌঁছে যায় কুকুরদের ডেরায়। নিজের হাতেও অবলাদের খেতে দেন অথবা ঠিক করা লোকজন দিয়ে কুকুরদের মুখে তুলে দেওয়া হয় খাদ্য।আর এই খাদ্য নিজের গাঁটের অর্থ খরচ করেই করেন স্বপ্না দেবী। বারাসাতের লটারি কালীবাড়ি থেকে কাঁঠালতলা ঘুরে ছোটবাজারে একটি কুকুরও যেন অভুক্ত না থাকে সেদিকেই নজর তাঁর। নিজের আয়ের বিরাট অংশ ব্যয় করে চলছে সন্তান প্রতিপালনের ব্রত। অঙ্কুশ কলা ভবন নামে নাচের স্কুলের শিক্ষিকার মধ্যে যে মাতৃরূপ তা জানে পায়রার দল। তাঁর নবপল্লীর ফ্ল্যাটের পাশে তাই সকাল সন্ধ্যে উড়ে এসে বসে পায়রার দল। তাঁকে রাস্তায় পেলে ঘিরে থাকে কুকুরের দল।এলাকার অসুস্থ অবলাদের ভরসার ঠাঁই স্বপ্না চক্রবর্তী।ওদের চিকিৎসা করেন নিজের হাতে।ওরা জানে – কেউ না থাকলে মা আছে ওদের জন্য অহর্নিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস নামে জনৈকা তার ১৯০৫ সালে মৃতা মায়ের জন্য ও অন্য মায়ের প্রতি সম্মানের জন্য বিশ্বব্যাপী ১৯০৮ সালে যে সম্মান প্রদর্শনের কাজ শুরু করেছিলেন তার প্রতিফলন মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন। আজকের মাতৃদিবসে স্বপ্না চক্রবর্তীর প্রতি ‘সময় কলকাতা’র শ্রদ্ধার্ঘ্য এই প্রতিবেদন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ