সময় কলকাতা ডেস্কঃ তৃণমূলের প্রধানকে মারধরের অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা বসিরহাটের বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,২০১৯ এবং ২০২০ সালে পঞ্চায়েতের উন্নয়নের জন্য টাকা মজুত থাকলেও সেই টাকায় কোনোরকম উন্নয়ন করা হয়নি।এই বিষয়ে পঞ্চায়েত প্রধান কনকলতা মন্ডলকে একাধিকবার বললেও সে কোনও ব্যবস্থা নেয়নি।এই নিয়ে ফের শুক্রবার বিকেলে পঞ্চায়েত প্রধান কনক লতা মন্ডলের সঙ্গে অভিযুক্ত জিয়ারুল হক বচসায় জড়িয়ে পড়ে।এরপর, বচসা হাতাহাতিতে পৌঁছায় ।অভিযোগ,অভিযুক্ত জিয়ারুল হক পঞ্চায়েত প্রধান কনকলতা মন্ডলকে বেধড়ক মারধোর করে তার জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের সাহায্য নিয়ে আহত পঞ্চায়েত প্রধান কনকলতাকে উদ্ধার করে বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ প্রসঙ্গে বিজেপি নেতা পলাশ সরকার কটাক্ষ করে বলেন,‘অতীতে ভারতকে লুন্ঠন করেছিল বৈদেশিক শত্রুরা।বর্তমানে পশ্চিমবঙ্গকে লুন্ঠন করে চলেছেন তৃণমূল কংগ্রেস।ভাগাভাগি নিয়ে এরা দলের সদস্যদের সঙ্গে মারপিট করতে ব্যস্ত।তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওপর উপ-প্রধানের যে হামলা,তা কার্যত তৃণমূলের আসল রূপ উন্মোচিত করে দিল রাজ্যবাসীর কাছে।এই লজ্জা রাজ্যবাসীর লজ্জা।এই ধরণের ঘটনায় যারা জড়িত,তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল।রবিবার দুপক্ষই বাদুড়িয়া থানার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে।ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ