Home » ভবানীপুরে দম্পতি খুনে গ্রেফতার তিন, অধরা মূল অভিযুক্ত

ভবানীপুরে দম্পতি খুনে গ্রেফতার তিন, অধরা মূল অভিযুক্ত

সময় কলকাতা ডেস্কঃ ভবানীপুরের দম্পতি খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তিন জনকেই লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ধৃতদের পরিচয় খোলসা করলেন কলকাতার নগরপাল তথা সিপি বিনীত গোয়েল। তিনি জানান, গোটা ঘটনায় মৃত দম্পতির পরিচিতদেরই হাত রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে অশোক শাহের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন মূল অভিযুক্তের ভাই। এরপর তাঁর করোনায় মৃত্যু হলে সেই টাকা মেটানোর দায়িত্ব নেয় মূল অভিযুক্ত। কিন্তু করোনার সময় নানান অজুহাত দেখিয়ে সেই টাকা আর ফেরত দেয়নি মূল অভিযুক্ত। তারপরই ধার নেওয়া টাকা মেটানোর জন্য অশোক শাহ বারবার চাপ দিলে সোমবার টাকা দেওয়ার নাম করে শাহ দম্পতির বাড়িতে যান অভিযুক্তরা। ১ লক্ষের বদলে কম টাকায় দেনা মিটিয়ে দেওয়া যায় কি না তা নিয়ে এদিন অশোক শাহের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। তারপরই অশোক শাহকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় মূল অভিযুক্ত এবং পরে গুলি করে খুন করা হয় তাঁর স্ত্রী রশ্মিতা   শাহকে।

ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে জড়িয়ে থাকা বাকি তিনজন সুবোধকুমার সিং, যতীন মেহতা এবং রত্নাকর নাথকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, তিনজনই লিলুয়ার বাসিন্দা। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। কার্যত সে কারণেই মূল অভিযুক্তর পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার নগরপাল তথা সিপি বিনীত গোয়েল। ধৃত তিনজনকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়।

উল্লেখ্য, বুধবারই খুন হওয়া গুজরাতি দম্পতির বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯৯ শতাংশ তদন্ত শেষ। পুলিশ কমিশনারও জানান ঘটনায় মৃত দম্পতির পরিচিতদেরই হাত রয়েছে। পাশাপাশি খুন হওয়া দম্পতির দুই মেয়েকে মুখ্যমন্ত্রী জানান তাঁরা যেন পুলিশের তদন্তে আস্থা রাখেন।

About Post Author