Home » প্রবল বৃষ্টিতে বন্যা-সতর্কতা উত্তরবঙ্গে

প্রবল বৃষ্টিতে বন্যা-সতর্কতা উত্তরবঙ্গে

সময় কলকাতা ডেস্ক: উত্তরবঙ্গ ভাসছে প্রবল বৃষ্টিতে, কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা স্বস্তি দেয়নি। আজ কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরে অবস্থান করার ফলে দক্ষিণে এখনও বৃষ্টি নেই। তবে শুক্রবার বিকেলের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত চলছে বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। বিপদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে তিস্তা। পিছিয়ে নেই জলঢাকাও। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।একটানা দুদিনের বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গ জলমগ্ন। মালদহেও বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। প্রতিবেশী দেশ ভুটানে জল বাড়ায় জলঢাকা নদীর সংরক্ষিত অঞ্চলেও জারি হয়েছে হলুদ সতর্কতা। সেই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা। এই পরিস্থিতিতে আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার , জলপাইগুড়িতে অতিবৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিম্পং সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা, দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় নামতে পারে ধ্বস।

আগামী কয়েকদিনে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত সামান্য হলেও তা গরম কমানোর জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে বর্ষা কবে এসে পৌঁছাবে, সেই সম্পর্কে কোনো রকম স্পষ্ট ধারণা দিতে পারেনি হাওয়া অফিস।

About Post Author