সময় কলকাতা ডেস্কঃ সোমবার নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৩ তম জন্মবার্ষিকী। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে ২৬ ও ২৭ জুন দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মমতা শঙ্করের নাচের দল। মায়ের নাচ দেখেই মেয়ের নাচ শেখা। মায়ের শেখানো পথেই এগিয়ে চলা আজীবন। প্রয়াত অমলা শঙ্করের জন্মদিনে তাই নাচের ছন্দেই মাকে ছুঁয়ে দেখতে চান মেয়ে মমতা শঙ্কর।
জানা গিয়েছে,অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ রবিবার সল্টলেকের ইজেডসিসি সভাঘরে অমলা শঙ্করের স্মরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। গীতিনাট্য ‘করোনেশন অফ রামা’ মঞ্চস্থ হয় সেখানে। সেটি পরিচালনা করেছিলেন সৌরিতা শঙ্কর ঘোষ। পাশাপাশি এদিন উদয় শঙ্কর পরিচালিত অমলা শঙ্করের ‘কল্পনা’ ছবির নানা মুহূর্ত অডিও-ভিস্যুয়াল কোলাজ ‘এভারগ্রিন মেমোরিজ’-এ দেখানো হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার মধুসূদন মঞ্চে মমতা শঙ্কর ডান্স ট্রুপের সদস্য এবং মমতা শঙ্কর নিবেদন করেন ‘মিসিং ইউ’। এছাড়া গুরু শিষ্যের পরম্পরার টানাপোড়েন, পারস্পরিক বোঝাপড়া ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি নাটক ‘আজকের একলব্য’ যা পরিচালনা করেছেন মমতা শঙ্কর নিজে, অনুষ্ঠানের শেষে মঞ্চস্থ হবে এটি। মুখ্য ভূমিকায় থাকবেন রুদ্রপ্রসাদ রায় এবং বিধান রায় চৌধুরী। সঙ্গীত পরিচালনায় রয়েছেন রবিন দাস, আলোকসম্পাতে রয়েছেন রাতুল শঙ্কর ঘোষ। চিত্রনাট্য ও ভাষ্য পাঠ করবেন চন্দ্রোদয় ঘোষ। এদিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে।
অনুষ্ঠান প্রসঙ্গে মমতা শঙ্কর জানান,’মাঝে করোনাকালে দুবছর কোনো প্রোডাকশন স্টেজে করা সম্ভব হয়নি। আশা করি সবাই আসবেন। আমাদের যে ধারা, উদয় শঙ্করের ঘরানার সাথে এই দুদিন সবার ভালো কাটবে এই আশাই রাখি।


More Stories
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
বাংলা নববর্ষের ইতিহাস