Home » ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা 

ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা 

সময় কলকাতা ডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই ভাবে বৃষ্টিতে ভেজেনি শহর। তাই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের দুর্যোগ ফের বাড়তে পারে বলে সর্তকতা জারি করা হয়েছে।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%। মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং বর্ধমানে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে।

অন্যদিকে, প্রবল বর্ষনে নাজেহাল উত্তরবঙ্গ। মঙ্গলবার, ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

 

 

 

 

 

About Post Author