Home » কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

সময় কলকাতা ডেস্কঃ এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টিতে ভেজেনি দক্ষিণবঙ্গ। খুব শীঘ্রই বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি মিলবে মানুষের। অন্যদিকে, উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি কিছুটা কমেছে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণ কমলে দক্ষিণবঙ্গে ফিরবে বর্ষা।

পূর্বাভাস বলছে, সোমবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০%। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে। তবে আগামী দিনে ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। এ বছর উত্তরে অধিক বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণের একাধিক জেলায় প্রভাব কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, প্রবল বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গ। সোমবার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আগামী দু’দিনে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন প্রান্তে বন্যার পাশাপাশি ধস নামে। এখনও বৃষ্টিপাত হয়ে চলেছে উত্তরে।

About Post Author