Home » বারাসাতে পুকুর থেকে সাদা বালি চুরি

বারাসাতে পুকুর থেকে সাদা বালি চুরি

বিশ্বজিৎ হীরা,সময় কলকাতা :  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিচুরি ,মাটি চুরি ,কয়লা চুরির বিরুদ্ধে বরাবরই সোচ্চার। প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে,যারা এইধরণের চুরির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারির পরেও  বারাসাতে শহরের বুকে ঘটল পুকুর থেকে বালি চুরির ঘটনা।

বারাসাতে প্রকাশ্য দিবালোকে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ভেঙে সরকারি পুকুর থেকে বালি চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ কে ঘিরে ইতিমধ্যেই সরগরম বারাসাতের রাজনীতির অন্দরমহল। বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ভেঙে বারাসাত পুরসভার তত্ত্বাবধানে থাকা পুকুর থেকে সাদা বালি চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে। এলাকার বাসিন্দাদের অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মুখ খুললে খুন হয়ে যেতে পারেন সে আশঙ্কাও করছেন এলাকার বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ কাউন্সিলরকে দেখাই যায় না কিন্তু এই ঘটনার সম্পর্কে কাউন্সিলর কি জানেন? ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবর্তন সাহা জানালেন, তিনি বিষয়টা  জানতেন না। তিনি আরও বলেন, তিনি যখন ঘটনা জেনেছেন তার সাথে সাথেই নিয়েছেন পদক্ষেপ। অন্যদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর বিষয়টির সম্পর্কে আগেই জানতেন।এলাকার বাসিন্দাদের অভিযোগ, বালিচুরির ঘটনাটিতে খোদ কাউন্সিলরেরই মদত রয়েছে। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের অভিযোগ,”কাউন্সিলর এই ঘটনার সঙ্গে যুক্ত, এছাড়া ওয়ার্ডের তৃণমূল আহ্বায়ক ও তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাও যুক্ত রয়েছে।”

বারাসাত পুরসভার তত্ত্বাবধানে থাকা পুকুর থেকে দিনে দুপুরে বালিচুরি এবং সেই বালি চুরির রাস্তা তৈরি করতে  সরকারি বিদ্যালয় এর পাঁচিল ভাঙা নিয়ে তরজা রয়েছে । ফলে বারাসাত শহরের বুকে প্রকাশ্যে এই বালি চুরির ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল বারাসাতের রাজনৈতিক মহল। যদিও পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই নিয়েছেন উপযুক্ত পদক্ষেপ। তিনি স্বয়ং বিবর্তন সাহাকে দিয়েই বারাসাত থানায় অভিযোগ করতে পাঠান ।

২১ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল একাধিক পুকুর ভরাট করার। সেই অভিযোগের মাঝে পুরসভা এলাকায় বিদ্যায়তনের পাঁচিল ভেঙে অবৈধ বালি চুরির ব্যবসা বহুবিধ প্রশ্ন তুলছে।প্রশ্ন উঠেছে এলাকার আইন- শৃঙ্খলা ও এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের রমরমা নিয়েও।।

About Post Author