Home » ২৬ বছর ধরে বাঙালির আইকন সৌরভ

২৬ বছর ধরে বাঙালির আইকন সৌরভ

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :

“মহারাজ একি সাজে এলে হৃদয়পুর মাঝে…”

১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত,২৬ বছর ধরে,প্রায় প্রতিটি বাঙালির হৃদয়পুরের মহারাজ তিনি। ৮ জুলাই তাঁর জন্মদিন। ৫১ বছরে পা দিলেন তিনি। তাহলে শুধুমাত্র ২৬ বছর ধরে বাঙালির হৃদয়ের মনিকোঠায় সম্রাট কেন? ১৯৯৬ সালের ২২জুন সেই যে ক্রিকেটের মক্কা লর্ডসে তাঁর টেস্ট অভিষেকে ১৩১ রান করে মন জিতে নিলেন বিশ্ববাসীর, সেদিন থেকেই বাঙালি পেল প্রকৃত অর্থে তাদের আইকন। ১৯৯২ সালে একটি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচের ব্যর্থতা মুছে ৯৬ সালে লর্ডস টেস্টে সেঞ্চুরির পরবর্তী সময়ে সৌরভ যা যা করেছেন -একজন ক্রিকেটার হিসেবে,অধিনায়ক হিসেবে,ক্রীড়া প্রশাসক হিসেবে- সেখানেই পেয়েছেন সাফল্য। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই যেন সোনা ফলেছে। বাঙালির হৃদয়ের তার যেন জুড়ে গেছে তার সঙ্গে। একথা সত্যি যে বঙ্গ ছাড়িয়ে সমগ্র দেশ এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে তাঁর ভক্ত ও অনুরাগী তথাপি তিনি বাঙালির সবচেয়ে আপনজন । ক্রিকেটার থেকে ক্যাপ্টেন – পর্বে আকাশচুম্বী সাফল্য পেতে থাকেন সৌরভ। মহানায়ক উত্তমকুমার ও সত্যজিৎ রায়ের পরবর্তী সময়ে সঠিক অর্থে বাঙালির কাছে আইকন ও মহানায়ক হয়ে উঠতে থাকেন সৌরভ গাঙ্গুলি।সৌরভের ভারতীয় দল থেকে বাদ পড়া এবং সফল কামব্যাকের  মাঝের পর্বে বাঙালি সৌরভ জনিত কারণে নিজেদের  বঞ্চিত ভাবতে শুরু করে। পাহাড় থেকে জঙ্গল ও সমতল মতামত, সামাজিক এবং আর্থিক অবস্থান ও রাজনীতির গন্ডির ঊর্দ্ধে উঠে সৌরভের প্রত্যাবর্তনকালের পূর্বমুহূর্ত পর্যন্ত প্রতিটি বাঙালির চোখে খলনায়ক ও চোখের শুল হয়ে ওঠেন গ্রেগ চ্যাপেল, কিরণ মোরে। ততদিনে আপামর বাঙালির কাছে যে প্রতিষ্ঠিত নায়ক একজনই – তিনি সৌরভ গাঙ্গুলি। তিনি মহারাজ, তিনি মহানায়ক। আজ,৮ জুলাই তাঁর জন্মদিন।

তুমি ভরিবে সৌরভে

৪২৪ টি আন্তর্জাতিক ম্যাচে ৩৮ টি আন্তর্জাতিক শতরান ও প্রায় উনিশ হাজার আন্তর্জাতিক রান দিয়ে তাঁর ক্রিকেটার হিসেবে কৃতিত্ব সম্পূর্ণ তুলে ধরা যায় না। ক্রিকেটার হিসেবে তাঁর ব্যাপ্তি অনেক বেশি। অনেকে ভুলে যান যে,একদিবসীয় ক্রিকেটে বিশ্বের দ্রুততম ৮০০০ রান করেন তিনি।বিরাট কোহলি, হাসিম আমলা ও ডিভিলিয়ার্স রা পরবর্তীতে ভেঙেছেন তাঁর রেকর্ড তবুও সৌরভ তাঁর সমসাময়িক সময়ে  শচীনের মত বিশ্বসেরার উজ্জ্বলতায় ঢাকা না পড়ে হয়ে ওঠেন ওডিআই মাস্টার প্লেয়ার, ভারতের অন্যতম কি প্লেয়ার । তিনি দ্রুততম তাঁর উত্থানের সময় আন্তর্জাতিক টি টোয়েন্টি শুরু হয় নি।সে সুযোগ থাকলে সাফল্য পেতে পারতেন তিনি কারণ তিনি দ্রুত রান তুলতে পারতেন, ছক্কা মারার অবিশ্বাস্য দক্ষতা ছিল তাঁর। তিনি ছিলেন এক দিবসীয় ক্রিকেটে প্রকৃত ম্যাচ উইনার।এক দিনের ক্রিকেটে ৩২ টি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ তিনি। টানা ৪টি ম্যাচে প্লেয়ার অফ দ্যা ম্যাচ তিনি, তাও পাকিস্তানের বিরুদ্ধে।তাঁকে নিয়ে একটি সমালোচনা প্রায় হত যে ফিল্ডার হিসেবে দক্ষ নন। অথচ তিনি ১৭১ টি আন্তর্জাতিক ক্যাচ পাকড়েছেন যার মধ্যে ১০০ টি ক্যাচ রয়েছে এক দিনের ম্যাচে। ১০০ টি উইকেট একদিনের ম্যাচে, টেস্টেও তিনি ছিলেন ম্যান উইথ গোল্ডেন আর্ম। বিপক্ষের বিপজ্জনক জুটি ভাঙতে সিদ্ধহস্ত ছিলেন সৌরভ। আর অধিনায়ক রূপে তাঁর সাফল্য প্রায় রূপকথা। বেটিং কেলেঙ্কারিতে চুরমার হয়ে থাকা ভারতীয় দলের মনোবল ফিরিয়ে আনেন সৌরভ। টেস্টে ৪৯ টির মধ্যে ২১ টি ম্যাচে জয়। সবচেয়ে বড় কথা, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আগ্রাসী মনোভাবের জন্ম দেন সৌরভ।পরবর্তী সময়ে ক্রিকেট প্রশাসক রূপেও তাঁর সাফল্য প্রশ্নাতীত।


মহারাজ তোমারে সেলাম

বিভিন্ন জীবন যন্ত্রণায় জর্জরিত বাঙালির কাছে সৌরভ মুক্তির প্রতীক। বাঙালির কাছে ক্রিকেটার হিসেবে সৌরভ যা ছিলেন আজও তাই আছেন । ক্রিকেটীয় সত্ত্বার ঊর্দ্ধে তিনি বাংলার মুখ।তিনি বাঙালির রোল মডেল।তিনি বাঙালির আইকন।।

About Post Author