সময় কলকাতা ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেএলও প্রধান জীবন সিংহ। আলাদা কামতাপুরী রাজ্যের জন্য দাবি জানিয়ে সশস্ত্র সংগ্রামের পথে হেঁটেছিল কামতাপুর লিবারেশান অর্গানিজেশন। এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কেএলও। এই কেএলও-র দাবি আলাদা কামতাপুরী রাজ্য তৈরি করতে হবে। মূলত কামতাপুরীদের প্রতি অনুন্নয়ন আর বঞ্চনার অভিযোগ এনেই দীর্ঘদিন ধরেই সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে কেএলও। কেএলও-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। নিষিদ্ধ সংগঠন ঘোষনার পরেই কার্যত অন্তরালে কেএল ও প্রধান জীবন সিংহ। মাঝে মাঝেই মেঘনাথের মত অন্তরালে থেকেই ভিডিও বার্তার মাধ্যমে তাদের আন্দোলনের কথা সর্বসম্মুখে আনেন কেএলও প্রধান জীবন সিংহ।
এবার একুশে জুলাই এর আগে, তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল জীবন সিংহ। অভিযোগ, কামতাপুর লিবারেশন অর্গানিজেশনের প্রতিষ্ঠাতা কৈলাস কোচকে রাজ্য সরকারের পুলিশ বাংলাদেশ থেকে গ্রেফতার করে কোন এক অজ্ঞাত স্থানে রেখে দিয়েছে। প্রতিনিয়ত তার উপর অত্যাচার করা হচ্ছে। কৈলাস কোচের স্ত্রী এবং পুত্রকেও গ্রেফতার করেছে পুলিশ। আরও অভিযোগ আইন অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে কোর্টের সামনে নিয়ে আসার কথা কিন্তু অমানবিকভাবে সরকার সেই নিয়ম লঙ্ঘন করছে।

শুধু অভিযোগ তুলেই, থেমে থাকেননি জীবন সিংহ। পরিষ্কারভাবেই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কামতাপুর থেকে কোন ব্যবসায়ী এবং কোন আধিকারিককে কলকাতায় ফিরতে দেওয়া হবে না। গ্রেফতার হওয়া নেতা এবং তার স্ত্রী -পুত্রের মুক্তি না হলে, আগুন জ্বলবে বলেও জানান তিনি। তবে ভিডিও বার্তার শেষের দিকে অবশ্য কিছুটা হলেও নরম হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ধৃত কেএলও নেতা কৈলাস কোচ এবং তার স্ত্রী পুত্রকে মুক্তি দিয়ে কামতাপুরে শান্তি ফিরিয়ে নিয়ে আসার।

কামতাপুরী আলাদা রাজ্যের জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে জীবন সিংহ। পাশাপাশি প্রশাসনের ভয়ে অন্তরালে লুকিয়ে রয়েছেন দীর্ঘদিন। এ নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। কেন তিনি সামনে এসে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি জানাচ্ছেন না এ প্রশ্নও উঠেছে বারবার। গেরিলা আন্দোলন কি দাবি আদায়ের রাস্তা হতে পারে? এ প্রশ্নে দ্বিধাবিভক্ত জনগণ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি