সময় কলকাতা ডেস্কঃ গঙ্গা পাড়ের সবুজ মেরুন তাঁবুতে আজ সাজো সাজো রব। যেন অকালে দুর্গাপুজোর আয়োজনে ব্যস্ত মেরিনার্সরা। আজ ২১ বছরে পা দিল মোহনবাগান দিবস। করোনার কারণে শেষ দুটো বছর কোনওরকমে এই দিনটার উদযাপন করা হয়েছিল। সেই সমস্ত বিধিনিষেধ এবার না থাকায় ঢেলে সাজানো হয়েছে ক্লাব চত্বর। আলোর মালায় সেজে উঠেছে সবুজ মেরুন শিবির।
শুক্রবার ২.৩০ নাগাদ প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হয় এবারের উৎসব। কুড়ি মিনিটের ওই ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ১৫০ জনেরও বেশি ফুটবলারদের। তাঁরা এই বিশেষ ম্যাচ প্রয়াত ফুটবলার শিবদাস ভাদুড়ি এবং বিজয়দাস দাস ভাদুড়ি নামের দুইটি টিমে বিভক্ত হয়ে খেলবেন।
এই বিশেষ দিনের মূল অনুষ্ঠান হতে চলেছে বিকেল ৫টা নাগাদ। ১৯১১ সালের অমর একাদশের ফুটবলারদের উত্তরসূরিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হবে। এই বিশেষ দিনে মোহবাগানরত্ন পুরস্কারের সম্মানিত করা হবে শ্যাম থাপাকে। জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে গোলকিপার বলাই দে’কে। পাশাপাশি পুরস্কৃত করা হবে তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি এবং লিস্টন কোলাসোকেও।

১৯১১ সালের শিল্ডজয়ের হৃত গৌরব ফেরানোর চেষ্টায় মরিয়া কর্তারা। আজকের দিনেই ইস্ট – ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতে নেয় মোহনবাগান। অন্যদিকে সদ্যই কলকাতায় পা দিয়েছেন স্প্যানিশ কোচ ও দলের তারকা বুমোস, তাঁরা এত জাঁকজমক দেখে রীতিমত তাজ্জব বনে গেছেন। তাঁরা কলকাতায় না এলে বুঝতেই পারতেন না, জাতীয় ক্লাবের কি মাহাত্ম্য।


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?