সময় কলকাতা ডেস্কঃ কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাঈ চানু। এ বারের কমনওয়েলথ গেমসে বার্মিংহ্যামের মাটিতে এটাই ভারতের প্রথম সোনা জয়। যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন চানু নিজেও। ভারোত্তোলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমসে রেকর্ডও গড়লেন এই ভারতীয় অ্যাথলিট।

শনিবার মীরার রেকর্ডের ফলে ভারোত্তোলনে তৃতীয় পদক পেল ভারত। এর আগে পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত সারগর। অন্যদিকে ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন গুরুরাজা। সংকেত, গুরুরাজা এবং চানু সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টাতেই ৮৪ কিলো তোলেন চানু। পরের বার ৮৮ কিলো তুলে ফেলেন। যা কমনওয়েলথ গেমসে সর্বকালীন রেকর্ড। তবে তৃতীয়বার ৯০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন চানু। স্ন্যাচিং বিভাগের শেষে শীর্ষে ছিলেন এই অ্যাথলিট। ক্লিন এন্ড জার্ক রাউন্ডে তিনি ১০৯ কেজি এবং ১১৩ কেজি ওজন তোলেন।

তবে এখানেই শেষ নয়। বার্মিংহ্যামের মাটিতে সোনা জয়ের পরেই নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন চানু। জানা গিয়েছে, চলতি বছরের শেষেই বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ রয়েছে কলোম্বিয়াতে। তাঁর এখন লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশিপই। সেখানেও রেকর্ড গড়তে চায় চানু।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া