সময় কলকাতা ডেস্কঃ গেমসে একের পর এক ইভেন্ট এবং ম্যাচে লাগাতার দুর্দান্ত প্রদর্শন করছেন দেশের অ্যাথলিটরা। কেউ কেউ প্রথমবারের চেষ্টাতেই দেশকে পদক এনে দিচ্ছেন, আবার কেউ কেউ লাগাতার ব্যর্থ হওয়ার পরও এই মঞ্চেই ঘুরে দাঁড়িয়ে তাঁক লাগিয়ে দিচ্ছেন সকলকে।
এদিকে অচিন্ত্য শিউলির পর সৌরভ ঘোষালের হাত ধরে ফের বাংলায় এল পদক। অচিন্ত্য ভারতকে ভারোত্তোলনে সোনা দিয়েছিলেন। আর সৌরভ স্কোয়াশের সিঙ্গলসে ভারতকে তাঁরই জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগেই ব্রোঞ্জ পদক এনে দিলেন। বুধবারের ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই পদকর জয় করেছেন তিনি। ম্যাচের শেষে ফলাফল ছিল ১১-৬, ১১-১, ১১-৪, যা থেকে একটি বিষয় স্পষ্ট, ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়কে কোনও সময়ই উইলস্ট্রপ চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলতে পারেননি।
দেশের হয়ে হাইজাম্পে প্রথম পদক জয় করলেন তেজস্বী শঙ্কর। ২.২২ মিটারের সলিড জাম্প দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তেজস্বী শঙ্কর হাই জাম্পে জাতীয় রেকর্ডও তৈরি করেছেন। পাশাপাশি তুলিকা মান জুডোতে রূপোর পদক জিতেছে বুধবার।
এরই মধ্যে দেশের ভারোত্তোলকদের সাফল্য জারি রয়েছে। প্রায় প্রতিদিনই এই বিশেষ খেলার ইভেন্টটি থেকে পদক অর্জন করছে ভারতীয় ভারোত্তোলকরা। বুধবার ১০৯ কেজি বিভাগে দেশের প্রতিযোগী লভপ্রীত সিং ৩৫৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছিলেন।
উল্লেখ্য পঞ্জাবের লভপ্রীত প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। প্রথমবারের চেষ্টায় কমনওয়েলথ গেমসের ডেবিউ স্মরণীয় করে রাখলেন তিনি। যদিও আজ লভপ্রীতের নাম গোটা দেশ জপলেও এককালে তাঁর কেরিয়ার জীবনের একটা ঘটনা তছনছ করে দিয়েছিল অনেকগুলো বছর। ২০১৯ সালে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতার আগেই ডোপ পরীক্ষায় ধরা পড়েন তিনি। সাসপেন্ড করে দেওয়ার পর ফের ২০২১ সালে লভপ্রীত ময়দানে ফেরেন। আদতে নৌসেনার অফিসার লভপ্রীত এরপর কমনওয়েলথ সিনিয়র চ্যাম্পিয়নশিপে রূপোর পদক এবং জুনিয়র কমনওয়েলথ গেমসে সোনা জিতে নেন। নেভি ওয়েটলিফটিং দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

অন্যদিকে বার্বাডোজকে ১০০ রানের হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে সহজেই পা রাখলেন হরমনপ্রীত কউররা। পাকিস্তানকে গোহারা হারানোর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশও ভারতের দু্র্দান্ত প্রদর্শনের জবাব দিতে পারল না। ভারতের ৪ উইকেটে ১৬২ রানের সেরা ইনিংসের জবাবে বার্বাডোজের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ৬২ রানে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার