সময় কলকাতা ডেস্কঃ একের পর এক ইভেন্টে সোনা জয় করছেন ভারতীয় খেলোয়াড়রা। তাঁদের দাপুটে প্রদর্শন রীতিমত কালঘাম ছুটিয়ে দিচ্ছে বিদেশি প্রতিপক্ষদের। বিশেষত কুস্তির একের পর এক ম্যাচে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ছেন ভারতীয় কুস্তিগীররা। শুক্রবার তিনটে সোনা ঘরে এসেছিল। শনিবার আরও তিনটি পদক জয় করলেন রবি কুমার দাহিয়া, ভিনেশ ফোগট এবং নবীন কুমার। পুরুষদের ৭৪ কেজি বিভাগে সোনা জয় করেন নবীন কুমার। ফাইনাল ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানে মহম্মদ শরিফ তাহির। ৯-০ এর ব্যবধানে দাপুটে প্রদর্শন করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ম্যাচের নিষ্পত্তি ঘটান তিনি।
অন্যদিকে ফাইনাল ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে ম্যাটে টিকতেই দেননি কুস্তিগীর রবি কুমার দাহিয়া। টেকনিকের হাত ধরে অনায়াসে এদিনের ম্যাচ জিতে নেন তিনি। টোকিও অলিম্পিকসের অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ার হতাশা কাটিয়ে রবি কুমার দাহিয়ার কামব্যাকে খুশি সকলেই। পাশাপাশি শ্রীলঙ্কার চামোডিয়া কেশানির সঙ্গে ৫৩ কেজির ফ্রিস্টাইলের ফাইনাল ম্যাচে ভিনেশ ফোগট ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় প্রস্তুত ছিলেন তিনি। বাঁশি বাজতে একটা অ্যাটাকেই ম্যাচ শেষ করে দেন ভিনেশ।
যদিও সোনার পাশাপাশি কুস্তিতে আরও একটি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। মহিলাদের ৫০ কেজি বিভাগে এই পদক জয় করেন পূজা গেহলট। স্কটল্যান্ডের প্রতিপক্ষ ১২ – ১ এর ব্যবধানে তাঁর কাছে পরাজয় স্বীকার করেন নেন।

এদিকে মহিলাদের বক্সিংয়ের ৬০ কেজি বিভাগেও ভালো প্রদর্শন করে ব্রোঞ্জ জয় করেছেন জ্যাসমিন। ইংল্যান্ডের পেইজ রিচার্ডসনকে হারিয়ে এই পদক জিতে নেন তিনি।
ভারতের নবম দিনের শেষ রাতে সুখবর দিয়েছেন প্যাডলার ভাবিনা প্যাটেল। এবারের প্রতিযোগিতায় প্যাডলিংয়েও দুর্দান্ত প্রদর্শন করে সোনা জিতেছেন তিনি। টোকিও অলিম্পিকের একটুর জন্য যে জয়ের আস্বাদ ভাবিনা প্যাটেল পাননি, সেই জয় সুদে আসলে উসুল করেছেন শনিবার। দেশের হয়ে নবম পদক জয় করেছেন তিনি। প্যারা টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের ফাইনাল ম্যাচে ভাবিনা প্যাটেলের প্রতিপক্ষ ছিলেন নাইজেরিয়ার ক্রিশ্চিয়ানা ইকপেওয়ি। ৩-০ ব্যবধানে নাইজেরিয়ান এই প্যাডলারকে হারিয়ে সোনা জয় করেছেন তিনি। পাশাপাশি প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ এর ব্রোঞ্জ পদক ম্যাচ জিতে নেন ভারতের আরও প্যাডলার সোনাল প্যাটেল। ইংল্যান্ডের সু বেইলিকে হারিয়ে ঘরে ব্রোঞ্জ আনেন তিনি।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে