Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ আরও গভীর হয়েছে । যার প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দাপট দেখাবে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার মেঘলা থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে  ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০ %। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।

নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা । ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে চলছে নজরদারি। পর্যটকদেরও নদীতে বোটিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। পাহাড়ের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Post Author