Home » জেলে অনুব্রত, বন্ধ সোনাঝুরি খোয়াই হাট

জেলে অনুব্রত, বন্ধ সোনাঝুরি খোয়াই হাট

সময় কলকাতা ডেস্কঃ রাজনৈতিক বিতর্ক রয়েছে তথাপি সোনাঝুরি-খোয়াইয়ের আকাশে বাতাসে মনখারাপের রেনু। বোলপুরের সোনাঝুরির শিল্পীদের মন ভালো নেই। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। সে কারণেই কোনরকম নির্দেশিকা ছাড়াই শনিবার শান্তিনিকেতন সোনাঝুরি খোয়াই হাট বন্ধ। বাজার মন্দা হওয়ার আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। সপ্তাহান্তে বোলপুরের অন্যতম আকর্ষণ হল সোনাঝুরির হাট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন এদিন হাট বন্ধ হল তা এখনও স্পষ্ট নয়। শাসকদলের কর্মী-সমর্থকেরাই জোর করে এদিন হাট বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ তুলেছেন বিরোধীরা।

অন্যদিকে, এভাবে হাট বন্ধের ঘটনায় ব্যবসায়ীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি শিল্পীদের পক্ষ থেকে এদিন মিছিলের আয়োজনও করা হয়েছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে,এদিনের এই হাট বন্ধের ব্যাপারে আগাম কোনও ঘোষণা করা হয়নি। ফলে অনেক বিক্রেতাই তাঁদের পসরা নিয়ে হাটে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছেন। একইভাবে সোনাঝুরি হাটে গিয়ে ফিরে আসতে হয় পর্যটকদেরও।


এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনের এক সদস্য বলেন,‘ অনুব্রত মণ্ডলের গ্রেফতারি হওয়ার প্রতিবাদে আমরা সোনাঝুরির হাট একদিনের জন্য বন্ধ রেখেছি। যদিও এভাবে হাট বন্ধের বিষয়টি মেনে নিতে নারাজ সোনাঝুরির ব্যবসায়ীরা।

উল্লেখ্য,প্রত্যেক সপ্তাহের শনি ও রবিবার সকালে সোনাঝুরির মাঠে হাট বসে। এই সোনাঝুরির হাট বোলপুরের ঐতিহ্য। বোলপুরবাসী থেকে শুরু করে পর্যটকদের কাছে এই হাট অত্যন্ত আকর্ষণীয়। এই হাটে বোলপুরের শিল্পীদের হাতে তৈরি নানান সামগ্রী বিক্রি হয়। শিল্পীরা নিজেরাই তাঁদের পসরা হাটে সাজিয়ে বসেন। অন্যদিকে এই হাটে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বোলপুরের বিখ্যাত বাউল গানের আসর বসে। এই বাউল গানের টানে বহু পর্যটক সোনাঝুরির হাটে আসেন। আদিবাসী নৃত্যের সঙ্গে তালে তাল মিলিয়ে কোমরও দোলান পর্যটকেরা। শান্তিনিকেতনের শিল্পীরাও সপ্তাহান্তের এই দুটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন। কলকাতা সহ দেশ-বিদেশের বহু পর্যটক সোনাঝুরির হাটে আসেন।সেই হাট ঘিরে রাজনৈতিক বিতর্ক আর মন কেমন-করা বিষন্নতা ।।

About Post Author