Home » তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ক্যানিংয়ে

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ক্যানিংয়ে

সময় কলকাতা ডেস্কঃ এক মাস ঘুরতে না ঘুরতেই ফের শুট আউট ক্যানিংয়ে। আবারও এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পেটুয়া মোড় এলাকার ঘটনা। যদিও ওই তৃণমূল কর্মী বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাজার থেকে নিজের মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী জসীমউদ্দিন মোল্লা। সেসময় আচমকাই পেটুয়া মোড়ের কাছে তাঁর পথ আটকায় অভিযুক্ত সাইফুল ঘরামী ও তার অনুগামীরা। এরপর তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায় বলেই অভিযোগ। গুলির শব্দে আশেপাশের মানুষজন বেড়িয়ে আসতেই পরিস্থিতি বেগতিক বুঝতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় জসীমউদ্দিন গুরুতর জখম হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর জসীমউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে,তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও ব্যক্তিগত শত্রুতার জেরে গুলি চালান হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঠিক এক মাস আগেও সকাল বেলায় ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। বারবার ক্যানিং থানা এলাকায় এই শুট আউটের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা।

About Post Author