সময় কলকাতা ডেস্ক : আবহাওয়ায় ফের পরিবর্তন। গত দুদিন বৃষ্টির পর পুরনো ছন্দে ফিরছে আবহাওয়ার গতিবিধি। তবে আজও রয়েছে বেশ কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যার জেরে আবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই খবর। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই মেঘলা রাজ্যের আকাশ। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পর শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। মঙ্গলবার, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নিম্নচাপ সংক্রান্ত সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দীঘা, মন্দারমনির পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে সাগরেও। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সতর্কতা।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!