Home » ভারতীয় ফুটবলের ওপরে নিষেধাজ্ঞা উঠবে কবে?

ভারতীয় ফুটবলের ওপরে নিষেধাজ্ঞা উঠবে কবে?

সময় কলকাতা ডেস্ক :পর্বতের মূষিকপ্রসব। কাজের কাজ বলতে যা হয়েছে তা হ’ল কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আর একটা নতুন দিন ধার্য। এ আই এফ এফের ওপরে ফিফার নিষেধাজ্ঞা কবে উঠবে তার কোনও স্থিরতা নেই। আন্তর্জাতিক ফুটবলে কবে ফিরবে ভারত তার উত্তর এখনও অজানা।

ফিফা চেয়েছিল সিওএ কে নিষিদ্ধ করতে হবে, ফিফা চেয়েছে নিয়মতান্ত্রিকভাবে এআইএফএফের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে ভারতীয় ফুটবলের। হয় নি কিছুই, উল্টে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ফলে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা এনে ভারতকে ব্যান করা হয়েছে। ১৬ আগস্ট ফিফা প্রেস বিজ্ঞপ্তি জারি করে ভারতের ওপরে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। কারণ এর আগেই এআইএফএফের নতুন সংবিধান গঠন করতে হবে জানিয়েছিল ফিফা। ৩১ জুলাইএর মধ্যে নতুন সংবিধান গড়ে ভোট করে সেপ্টেম্বরে ভোট করে কাজ শুরু করতে হত ভারতীয় ফুটবলকে। জটিলতা কাটাতে ফিফার বর্তমান ঘোষণার আগেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়।৩আগস্ট শুনানি ছিল। সেদিন পরবর্তী শুনানির দিন স্থির হয় ১৭ আগস্ট। ইতিমধ্যেই ফিফা ভারতকে আন্তর্জাতিক ফুটবলে ব্যান করে দেয়।ফলে বুধবার সুপ্রিম কোর্টে আন্তর্জাতিক ফুটবলে ভারত কবে মূল স্রোতে ফেরে তার ইঙ্গিত পেতে এআইএফএফ ও ফিফা সংক্রান্ত শুনানি ছিল তাৎপর্যপূর্ণ।

বুধবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা বলার পরে সমাধানসূত্র বেরোনোর ইঙ্গিত মিলেছে । তুষার মেহতার বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে জানায় পরবর্তী শুনানি হবে ২২ আগস্ট।

বুধবারের শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছেন , গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফের উপর থেকে কী ভাবে নির্বাসন উঠবে এবং সলিসিটার জেনারেল তুষার মেহতার বক্তব্যে সন্তুষ্ট তাঁরা । কেন্দ্রের কথায় তাঁদের মনে হয়েছে সবকিছু সঠিক পথেই এগোচ্ছে। সমস্যা সমাধানে তাই কেন্দ্রকে আরও পাঁচদিন সময় তাঁরা দিয়েছেন ।  নির্যাস, নবনির্বাচিত  কমিটি দায়িত্ব নিলে তবেই নির্বাসনের শাস্তি তুলবে ফিফা। যতক্ষন না হয় নির্বাসনেই থাকছে ভারতীয় ফুটবল।

About Post Author