Home » শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দত্তপুকুর

শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দত্তপুকুর

সময় কলকাতা ডেস্কঃ ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের এক নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল অন্য এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি কিনছিলেন কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু। অভিযোগ, সে সময়ই তৃণমূল নেতা সম্বিৎ কাঞ্জিলালের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁর উপর আক্রমণ চালায়। তাঁকে মারধরও করা হয় এবং পকেট থেকে বেশ কিছু টাকা ছিনিয়ে নেয়। এমনকী ভেঙে দেওয়া হয় তাঁর চশমা। একই সঙ্গে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ। তবে জনবসতি থাকার কারণে প্রাণে বেঁচে গেলেও তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় ২৫ থেকে ৩০ জনের দল এসেছিলো বলেই অভিযোগ করেন অমল বাবু। এই ঘটনা জানাননি হতেই দত্তপুকুর সহ শিবালয় গোটা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্লোগান তুলে দত্তপুকুর থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।


এ বিষয়ে অমল বাবু জানান,বেশ কিছুদিন ধরেই দত্তপুকুরে একাধিক দুর্নীতির কাজ চলছে। কখনো প্রকাশ্য মাইকে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে তারই প্রতিবাদ করার ফলে ভরসন্ধ্যায় তার উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অমল বাবু। অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশপাশি এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

About Post Author