Home » কৈলাস কোচের আত্মসমর্পণ পুলিশের সাজানো মিথ্যা নাটক, দাবি কেএলও প্রধান জীবন সিংহের (রইল অডিও বার্তা)

কৈলাস কোচের আত্মসমর্পণ পুলিশের সাজানো মিথ্যা নাটক, দাবি কেএলও প্রধান জীবন সিংহের (রইল অডিও বার্তা)

সময় কলকাতা ,জলপাইগুড়ি, সানি রায়:বৃহস্পতিবার ভবানীভবনে আত্মসমর্পণ করেছেন কেএলও শীর্ষ নেতা কৈলাস কোচ ওরফে কেশব বর্মন ও তার স্ত্রী।

কিন্তু শুক্রবার সকালেই কেএলও প্রধান জীবন সিংহ একটি অডিও বার্তায় দাবি করেছেন কৈলাস কোচ ও তার স্ত্রীর এই আত্মসমর্পণ পুরোটাই পুলিশের সাজানো মিথ্যা নাটক।

 

অডিও বার্তায় জীবন সিংহ বলেছেন বাংলাদেশ থেকে কয়েক মাস আগেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে নিয়ে এসেছিল কৈলাস কোচকে। গ্রেফতারির পর একটি গোপন জায়গায় রাখা হয়েছিল তাকে। জীবন সিংহর এই অডিও বার্তার সত্যতা যদিও যাচাই করেনি সময় কলকাতা। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই জীবন সিংহ একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল কৈলাস কোচকে এবং সেই ভিডিও বার্তাতে জীবন সিংহ কার্যত হুংকার দিয়েছিলেন, যদি কৈলাস কোচকে অবিলম্বে ছেড়ে দেওয়া না হয়, তাহলে কামতাপুর থেকে কোন প্রশাসনিক কর্তা ব্যক্তিকে কলকাতায় যেতে দেওয়া হবে না।

জীবন সিংহর এদিনের এই অডিও বার্তার পরেই প্রশ্ন উঠছে কৈলাস কোচের আত্মসমর্পণ নিয়ে। বৃহস্পতিবার ভবানীভবনে পুলিশের কর্তা ব্যক্তিদের সামনেই আত্মসমর্পণ করেছিলেন কৈলাস কোচ ও তার স্ত্রী। কৈলাস কোচ জানিয়েছিলেন” আমি ও আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য সমাজের মূল স্রোতে ফিরে এলাম এবং আত্মসমর্পণ করলাম”তিনি আরো জানান”১৬ বছর ধরে সশস্ত্র সংগ্রাম করলাম আন্দোলন করে বুঝতে পারলাম, হিংসার পথে কোন উন্নয়ন সম্ভব নয় ,আমার যে সব বন্ধু ভাইয়েরা এখনো জঙ্গলে অস্ত্র ধরে আছে তাদেরও আহ্বান করি, অস্ত্র ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে আসুন”।

কৈলাস কোচের এই আহ্বানে কতটা কাজ হবে সেটা সময় বলবে। তবে রাজ্য সরকার কেএলও আন্দোলনকারীদের মূল স্রোতে ফিরে আসার জন্য বিভিন্ন প্যাকেজের ঘোষনা করেছে। একদিকে রাজ্য সরকারের প্যাকেজ আর অন্যদিকে কৈলাস কোচের সমস্ত জঙ্গিদের মূল স্রোতে ফিরে আসার আহ্বান। জঙ্গিদের কতটুকু অনুপ্রাণিত করবে সেটা এখন বড় প্রশ্ন।

কেএলও প্রধান জীবন সিংহের দাবি কৈলাস কোচের আত্মসমর্পণ সম্পূর্ণ পুলিশের মিথ্যা নাটক, এ দাবির বাস্তবতা কতটা ,তা নিয়েও উঠছে প্রশ্ন। আর যদি জীবন সিংহের দাবি সত্য হয়, সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে কৈলাস কোচের আত্মসমর্পণ এবং সরকারি প্যাকেজের গ্রহণযোগ্যতা নিয়ে। তবে জীবন সিংহের দাবি যাই হোক, কোচবিহারের সাধারণ মানুষ চান সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসুক কেএলও। প্রতিবাদের আর দাবি আদায়ের পথ হোক শান্তির।

About Post Author