Home » বাসভাড়া বৃদ্ধি : জনস্বার্থ মামলায় কোণঠাসা রাজ্য

বাসভাড়া বৃদ্ধি : জনস্বার্থ মামলায় কোণঠাসা রাজ্য

সময় কলকাতা ডেস্কঃ এবার বাসভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। অলিখিতভাবে বেসরকারি বাসগুলির ন্যূনতম ভাড়া ৭ থেকে বেড়ে ১০ টাকা কেন করা হয়েছে? তা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নির্দিষ্ট সময়ে হলফনামা জমা করেনি রাজ্য। আদালতের তরফে কার্যত সে কারণেই রাজ্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যকে এই ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা চাওয়ার পরও কেন সঠিক সময়ে তা পরিবহণ দফতর জমা দিতে পারেননি? তাহলে কি তাদের কাছে পর্যাপ্ত তথ্যই নেই? এদিন এ সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন বিচারপতিরা।

করোনা পরবর্তী সময়ে একাধিকবার বাসের ভাড়া বৃদ্ধির জন্য বেসরকারি বাস মালিক সংগঠনগুলি দাবি জানিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের দিকে তাকিয়েই রাজ্য সরকার বাসভাড়া বাড়ানোর পক্ষে ছিল না। কিন্তু তারপরেও বাস মালিক সংগঠনগুলি ভাড়া বৃদ্ধির বিষয়ে অনড় ছিলেন। এরপরই অলিখিতভাবে বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বেড়ে গিয়ে ১০ টাকা করা হয়। যার জেরে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে,কলকাতা হাইকোর্ট মূলত তিনটি বিষয়ে পরিবহণ দফতরের কাছে রিপোর্ট চেয়েছিল। প্রথমত, ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না। দ্বিতীয়ত, সরকারি নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলো নিচ্ছে কি না। তৃতীয়ত,যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা জানানো হয়নি বলেই অভিযোগ।।

About Post Author